হাজিদের পরিবহন ও চিকিৎসাসেবায় নতুন সংযোজন

২০২৫ হজ মৌসুম উপলক্ষে মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর জন্য গঠিত রয়্যাল কমিশন ব্যাপক প্রস্তুতির ঘোষণা দিয়েছে। এই প্রস্তুতিগুলোর মধ্যে রয়েছে উচ্চমানের বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ, বিশেষ করে কেন্দ্রীয় এলাকা ও পবিত্র স্থানগুলোর ওপর জোর দেওয়া হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছরের উন্নয়ন কৌশলের আওতায় রয়েছে অবকাঠামো, পরিবহনব্যবস্থা এবং স্বাস্থ্য ও মাঠপর্যায়ের সেবা খাতে অগ্রগতি সাধন।

কেন্দ্রীয় অঞ্চলে পায়ে চলার উপযোগী পরিবেশ উন্নত করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রশস্ত ফুটপাত, ছায়াযুক্ত পথ এবং নামাজের জন্য নির্ধারিত স্থান, যাতে মানুষের চলাচল সহজ হয় এবং ভিড় সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা যায়। পরিবহন ব্যবস্থার বিষয়ে রয়্যাল কমিশনের অধীনস্থ জেনারেল ট্রান্সপোর্টেশন সেন্টার, যেটি হজ মৌসুমে পরিবহন তদারকি করে, তারা এবারের মৌসুমের জন্য তাদের কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে। এর অংশ হিসেবে চালু করা হয়েছে ‘মক্কা বাস’ ব্যবস্থা, যা হজের চাহিদা পূরণের লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে।

১৫ জিলকদ থেকে ৩০ জিলহজ পর্যন্ত মোট ৪০০টি বাস ১২টি রুটে চলবে, যা ৪৩১টি স্টপেজ এবং চারটি কেন্দ্রীয় স্টেশনে সেবা দেবে। এই পরিকল্পনার উদ্দেশ্য হলো, ঘনবসতিপূর্ণ রুটগুলোতে কার্যক্রমের দক্ষতা বাড়ানো এবং জেনারেল ট্রান্সপোর্ট সিন্ডিকেটসহ সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধন। ‘মক্কা বাস’ সেবার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। নির্ভরযোগ্য পরিবহন নিশ্চিত করতে সেবাগুলো চুক্তিভিত্তিক সেবাদানকারীদের মাধ্যমে পরিচালিত হবে।

হাজিদের আরাম ও নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু উন্নয়ন কার্যক্রম নেওয়া হয়েছে। মুজদালিফায় তৈরি করা হয়েছে ১ লাখ ৭০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে হাঁটার পথ, যেখানে রাবারের আস্তরণ রয়েছে। এর পাশাপাশি লাগানো হয়েছে ১০ হাজারটি গাছ, যা গরম কমাতে এবং ছায়া দিতে সহায়তা করবে।

মিনায় স্থাপন করা হয়েছে ২০০ বেডের একটি হাসপাতাল। এ ছাড়া ৭১টি জরুরি সেবাকেন্দ্র রুটের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে, যা প্রাথমিক চিকিৎসা এবং অন্যান্য সহায়তা দেবে।

পথচারীদের বিশ্রামের জন্য ছায়াযুক্ত বসার স্থান এবং ৪০০টি নতুন কুলার বসানো হয়েছে, যাতে হাজিরা সারা মৌসুম বিশেষ সুবিধা পান।

এ ছাড়া নির্মাণ করা হয়েছে একাধিক তলাবিশিষ্ট শৌচাগার, যা পবিত্র স্থানগুলোতে হাজিদের অবস্থানের জায়গা ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি আনবে।

নতুন উদ্যোগের অংশ হিসেবে গত বছর চালু হওয়া ‘ইলেকট্রিক স্কুটার’ সেবা এ বছরও চালু থাকবে। এর জন্য তিনটি নির্ধারিত রুট রাখা হয়েছে, যা হাল্কা পরিবহন বিকল্প হিসেবে কাজ করবে এবং হাজিদের চলাচল সহজ করবে।

রয়্যাল কমিশন ২০২৫ হজ মৌসুমে একটি গণমাধ্যম প্রচারণা চালু করেছে। এর মাধ্যমে এসব প্রকল্প ও উদ্যোগ তুলে ধরা হচ্ছে। প্রচারণায় হজের বিভিন্ন ধাপ নিয়ে প্রামাণ্য তথ্যচিত্র ও কনটেন্ট উপস্থাপন করা হবে। সূত্র : গালফ নিউজ