পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত নিয়ে ভারতের রাজনীতি এখন বেশ সরগরম। এরই মধ্যে সিন্ধুসহ অভিন্ন নদনদীর পানি পাকিস্তান পাবে না বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত বৃহস্পতিবার পাকিস্তানের সীমান্তবর্তী ভারতের উত্তর-পশ্চিমের রাজ্য রাজস্থানের একটি জনসভায় তিনি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে পাকিস্তানের সঙ্গে সংঘাত নিয়ে বিরোধী দল কংগ্রেসের তোপেও পড়েছেন মোদি। ভারতীয় প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে দেশটির প্রধান বিরোধী নেতা রাহুল গান্ধী বলেছেন, শুধুমাত্র ক্যামেরার সামনেই আপনার রক্ত গরম হয় কেন? এদিকে, পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সংঘাতে ভারত যে পরাজয় বরণ করেছে তা দেশটি কখনোই ভুলতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার জেরে সিন্ধু নদের পানিচুক্তি স্থগিত করে ভারত। এরপর অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর মধ্যেই মোদি এমন মন্তব্য করলেন। ভারতের প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে। পাকিস্তানি সেনাবাহিনীকেও মূল্য দিতে হবে, পাকিস্তানের অর্থনীতিকেও মূল্য দিতে হবে।
পাকিস্তানের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মনসুর উসমান আওয়ান রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ইসলামাবাদ প্রতিবেশী দেশের সঙ্গে পানিবণ্টন নিয়ে আলোচনায় আগ্রহী। তবে ভারতকে অবশ্যই কয়েক দশকের পুরনো পানিবণ্টন চুক্তি মেনে চলতে হবে।
অন্যদিকে ভারতও সিন্ধু পানিচুক্তি সংশোধনের প্রস্তাব দিয়ে চিঠি দিয়েছে পাকিস্তানকে। মনসুর উসমান বলেন, কোনো পক্ষ একতরফাভাবে এটি স্থগিত করতে পারে না। পাকিস্তানের দৃষ্টিতে এ চুক্তি এখনো কার্যকর ও সক্রিয় আছে। জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের ক্ষেত্রে ভারত যা-ই করুক, সেটা তাদের নিজেদের ঝুঁকিতে ও খরচে করতে হবে।
পাকিস্তানের হামলায় রাফালসহ বেশ কয়েকটি যুদ্ধবিমান হারানোসহ ক্ষয়ক্ষতি নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে নরেন্দ্র মোদির সরকার। সম্প্রতি রাজস্থানের জনসভায় মোদি বলেন, শরীরে রক্ত নয়, তার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে। এর জবাবে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী মোদিকে খোঁচা দিয়ে বলেন, শুধুমাত্র ক্যামেরার সামনেই বড় বড় বুলি আওড়ান এবং আপনার রক্ত গরম হয়। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন রাহুল গান্ধী। তাতে তিনি লেখেন মোদিজি, ফাঁকা বক্তৃতা দেওয়া বন্ধ করুন। শুধু বলুন, সন্ত্রাসবাদ সম্পর্কে পাকিস্তানের বক্তব্য কেন আপনি বিশ্বাস করলেন? ট্রাম্পের কাছে মাথা নত করে কেন ভারতের স্বার্থ বিসর্জন দিলেন? কেন কেবল ক্যামেরার সামনেই আপনার রক্ত টগবগ করে? আপনি ভারতের সম্মানের সঙ্গে আপস করেছেন! রাহুলের মতোই প্রায় একই ভাষায় মোদিকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশও। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদি শুধুমাত্র সিনেমার এবং ফিল্মি কায়দায় ফাঁকা বুলি দেন।
এদিকে, পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সংঘাতে ভারত যে পরাজয়বরণ করেছে তা দেশটি কখনোই ভুলতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, এই যুদ্ধ প্রমাণ করেছে প্রচলিত যুদ্ধ সক্ষমতায় পাকিস্তান পিছিয়ে নেই। এছাড়া একদিন কাশ্মীর পাকিস্তানেরই অংশ হবে বলেও মন্তব্য করেছেন শেহবাজ। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে সংঘাতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, এই যুদ্ধ ভারতের জন্য এমন এক পরাজয়, যা তারা কখনোই ভুলবে না। তিনি বলেন, কেউ কেউ মনে করতেন পাকিস্তান প্রচলিত যুদ্ধ ক্ষমতায় পিছিয়ে, কিন্তু এই যুদ্ধ তা ভুল প্রমাণ করেছে। শেহবাজ আরও বলেন, আমাদের ঐক্য ও সাহসই আমাদের উন্নয়ন ও চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে। এমন একদিন আসবে যখন কাশ্মীর হবে পাকিস্তানেরই অংশ।