নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে আদিবাসী গোষ্ঠীর মামলা

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানির মামলা করেছে ব্রাজিলের আমাজন অঞ্চলের একটি আদিবাসী গোষ্ঠী। গোষ্ঠীটির অভিযোগ, নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে তাদের ‘পর্ণ আসক্ত’ তকমা দেওয়া হয়েছে। ব্রাজিলের প্রত্যন্ত জাভারি ভ্যালির এই মারুবো জনগোষ্ঠী তাদের মানহানির জন্য ১৮ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে।

দ্য গার্ডিয়ান পত্রিকা জানায় ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাওয়ার পর মারুবো জনগোষ্ঠী প্রযুক্তি ও পর্নগ্রাফিতে আসক্ত হিসেবে মিথ্যাভাবে প্রতিবেদনে উপস্থাপন করেছে নিউ ইয়র্ক টাইমস। প্রায় দুই হাজার সদস্যের এই আদিবাসী গোষ্ঠী মামলার অভিযোগপত্রে জানায়, সংবাদপত্রটি মারুবো গোষ্ঠীকে এমনভাবে উপস্থাপন করছে, যেন তারা ইন্টারনেটের ব্যবহার সামাল দিতে অক্ষম এবং এই গোষ্ঠীর তরুণ প্রজন্ম পর্নোগ্রাফিতে ডুবে গেছে বলে মিথ্যা তথ্যও ছড়াচ্ছে। গোষ্ঠীটি বলছে এ ধরনের উপস্থাপন একটি গোটা জাতিগোষ্ঠীর সম্মান, সংস্কৃতির সীমা ছাড়িয়ে তাদের চরিত্র, নৈতিকতা ও সামাজিক অবস্থানের ওপর সরাসরি আঘাত। মারুবো জনগোষ্ঠী আরও অভিযোগ করেছে, টিএমজেড ও ইয়াহুর মতো সংবাদমাধ্যমগুলোও তাদের সংবাদে তরুণদের নিয়ে ব্যঙ্গ করেছে এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিকৃতভাবে উপস্থাপন করেছে।

প্রসঙ্গত নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক জ্যাক নিকাসের প্রতিবেদনে বলা হয়েছিল, স্টারলিংকের ইন্টারনেট সংযোগ পাওয়ার পর ৯ মাসে মারুবো কিশোররা ফোনে ঘণ্টার পর ঘণ্টা কাটাচ্ছে, সহিংস গেম খেলছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং অপ্রাপ্তবয়স্করা পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে। এমনকি এক আদিবাসী নেতাও এই বিষয়টি নিশ্চিত করেছিল বলে জানানো হয়েছিল প্রতিবেদনে। যদিও নিউ ইয়র্ক টাইমস পর্নগ্রাফিকে বিভিন্ন বিষয়ের মধ্যে একটি বিষয় হিসাবে তুলে ধরা হয়েছিল। কিন্তু বাকিরা কোনো রাখঢাক না রেখেই সেটি কেন্দ্র করে প্রতিবেদন সাজিয়েছিল। বিবিসি জানায়, বিশ্ব জুড়ে শতাধিক ওয়েবসাইট এই প্রতিবেদনের ভিত্তিতে বিভ্রান্তিকর শিরোনাম দিয়েছে, যাতে বোঝানো হয়েছে যে, মারুবোরা সত্যিই পর্ন আসক্ত হয়ে পড়েছে।