এসএসসি পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন আগে। অনেকে একে ‘স্বস্তির সময়’ বললেও, এই সময়কে ‘সুবর্ণ সময়’ বলাই শ্রেয় কারণ, এই সময়টিকে কাজে লাগিয়ে একজন শিক্ষার্থী নিজেকে গড়ে তোলার ভিত্তি তৈরি করতে পারে। এই সময়কে কীভাবে কাজে লাগাবে তা জানিয়েছেন তৌফিক সুলতান
মানসিক ও শারীরিক বিশ্রাম
পরীক্ষা শেষে মনে বইতে থাকে চাপমুক্ত আবহ। প্রথম ১-২ সপ্তাহ একটু বিশ্রাম, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো, ঘুরতে যাওয়া এসব মানসিকভাবে প্রশান্তি দেয়। তবে এই বিশ্রাম যেন দীর্ঘদিনের অলসতায় পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি।
নিজের আগ্রহকে জানো
এই অবসরই নিজের আগ্রহ ও স্বপ্ন নিয়ে ভাবার উপযুক্ত সময়। সময় নিয়ে শিক্ষার্থীরা এখন জিজ্ঞাসা করতে পারে, আমি কী বিষয়ে আগ্রহী? আমি কী ধরনের পেশায় নিজেকে ভবিষ্যতে দেখতে চাই? আমি কী বিষয়ে ভালো বা কৌতূহলী?
এই উত্তরগুলো ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনার ভিত্তি হতে পারে।
কলেজ ও বিষয় নির্বাচনের প্রস্তুতি
এসএসসি রেজাল্ট প্রকাশের পরই শুরু হবে কলেজে ভর্তির প্রতিযোগিতা। তাই এখন থেকেই এ বিষয়ে ভাবনা-চিন্তা করা উচিত। যেমন, কোন কলেজে (সরকারি/বেসরকারি/রেসিডেন্সিয়াল) ভর্তি হতে চাও, কোন বিভাগ (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা) নেবে, আগ্রহ ও সম্ভাব্য ফলাফল অনুযায়ী বিকল্প কলেজের তালিকা তৈরি, প্রয়োজন হলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া (বিশেষ করে নামকরা কলেজগুলোর জন্য), অনলাইনে কলেজ ও বিভাগ সংক্রান্ত তথ্য অনুসন্ধান করা প্রভৃতি কাজ এই অবসরে এগিয়ে রাখতে পারো।
নতুন কিছু শেখো
বর্তমান যুগে একাডেমিক জ্ঞানের পাশাপাশি দক্ষতা অর্জন খুবই গুরুত্বপূর্ণ। অবসর সময়টা কাজে লাগাতে পারো সে কাজে। এই সময়ে বিভিন্ন কম্পিউটার স্কিলস (যেমন : MS Word, Excel, PowerPoint টাইপিং প্রভৃতি), প্রোগ্রামিং স্কিলস (যেমন : Python, HTML, CSS প্রভৃতি), গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ফটোগ্রাফি (যার যেদিকে আগ্রহ), ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন (যেমন : স্পিকিং, গ্রামার, রাইটিং, IELTS প্রস্তুতি প্রভৃতি), বিভিন্ন অনলাইন প্ল্যাটফরম (যেমন : : Coursera, Udemy, Khan Academy, YouTube প্রভৃতি) ব্যবহার করে শিখতে পারো আগ্রহের বিষয়।
এই স্কিলগুলো কলেজ জীবন এবং ভবিষ্যতের ক্যারিয়ারে বিশেষভাবে কাজে লাগবে।
বই পড়ো
পরীক্ষা শেষ মানেই বই থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া নয়। সাধারণ জ্ঞান বৃদ্ধিতে, ইংরেজি শব্দভা-ার সমৃদ্ধ করতে, ম্যাথ প্র্যাকটিস করতে বা যেকোনো প্রিয় বিষয়ে লেখা বই পড়তে পারো এই অবসরে। পড়াশোনার চাপে যে বইগুলো পড়তে পারছিলে না সেই বইগুলো পড়ার এখনই সময়।
সৃজনশীল কাজ ও শখের চর্চা
গান, ছবি আঁকা, কবিতা লেখা, গল্প বলা, ভিডিও বানানো, আবৃত্তি এসব সৃজনশীলতায় নিজেকে ব্যস্ত রাখা মানসিক বিকাশে সহায়ক।
বিতর্ক, কুইজ, বিজ্ঞান প্রকল্প, বাগান করা, এমনকি ছোটখাটো ব্লগ বা ইউটিউব চ্যানেল শুরু করাও একটি ভালো দিক হতে পারে।
অংশ নাও স্বেচ্ছাসেবায়
বিভিন্ন সেবামূলক কাজে যুক্ত হওয়া যেমন : বৃক্ষরোপণ, রক্তদানের ক্যাম্পেইন, পরিচ্ছন্নতা অভিযান বা শিশুদের শিক্ষা সহায়তা এসব স্বেচ্ছাসেবামূলক কাজ অংশ নিতে পারো।