ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস যেভাবে সরকার পরিচালনা করছেন এতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এ সরকার ক্ষমতায় থেকে নিরপেক্ষ নির্বাচন দিক। যাতে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। এ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে জনগণ কখনো শান্তি পাবে না।
গত শনিবার রাজধানী পল্লবী ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে মহানগর উত্তর বিএনপি আয়োজিত যৌথ সভায় তিনি এসব কথা বলেন। মো. মোস্তফা জামান বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ নিয়ে দলের হাল ধরেছেন, সেই নেতৃত্বে আমরা যারা আছি, তারা আন্দোলন করছি জনগণের অধিকার ফেরানোর জন্য। তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে এগিয়ে যাবে। এ আশায় আমরা এগিয়ে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, যে পর্যন্ত এ দেশে একটা নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা না আসবে, যে পর্যন্ত জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া হবে, আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের ভয় দেখিয়ে থামানো যাবে না। মামলা-হামলা দিয়ে দমন করা যাবে না। এ সরকারকে নির্বাচন দিতে হবে। জনগণের সরকার আনতে হবে। আমাদের তরুণ প্রজন্ম, ছাত্ররা, যুবকরা তারা জেগে উঠেছে। সময় এসেছে রাস্তায় নামার, সময় এসেছে অন্যায়ের প্রতিবাদ করার। ইনশাআল্লাহ, বিজয় আমাদের হবেই।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীরসহ অন্য নেতাকর্মীরা।