হেফাজতে ইসলামের ‘৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের’ আলটিমেটাম দেওয়ার পর নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির এই তথ্য জানা গেছে।
নাদিরা ইয়াসমিন নরসিংদী জেলায় নারী অধিকারকর্মী হিসেবে পরিচিত। ‘নারী অঙ্গন’ নামে তার একটি সংগঠন রয়েছে। এ ছাড়া ‘নারী অঙ্গন’ নামের একটি ওয়েব পোর্টালের সম্পাদক তিনি। সম্প্রতি ‘হিস্যা’ নামের একটি ম্যাগাজিনে ‘বিতর্কিত লেখা’ ছাপানোর অভিযোগ তুলে তাকে অপসারণের দাবি জানায় হেফাজতে ইসলাম। এদিকে আলটিমেটামের মুখে নাদিরা ইয়াসমিনকে বদলির আদেশের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘মবের দৌরাত্ম্যে আত্মসমর্পণ করে নাদিরা ইয়াসমিনের বদলির সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানাই। এই সিদ্ধান্ত দ্রুত বদল করা হোক।’
অন্যদিকে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ ফেসবুকে লিখেছেন, ‘কথার জবার কথায়, লেখার জবাব লেখায় দিতে হবেকোনো নিপীড়ন জুলুম চলবে না। এটাই ছিল হাসিনা আমলে আমাদের অন্যতম দাবি। হাসিনা সরকার গেছে, কিন্তু পরিস্থিতি একই আছে। বৈষম্যবাদী হেফাজতের লোকজন কথার জবাব কথায়, লেখার জবাব লেখায় দিতে অক্ষম। সে জন্য বলপ্রয়োগ, হুঙ্কার, হুমকি, হামলার পথ ধরে। নারীর কণ্ঠ নারীর সক্রিয়তায় তাদের আতঙ্কের প্রকাশ ঘটে উন্মাদের মতো চিৎকার আর হুমকির মধ্যে। শেখ হাসিনা সরকার চলেছে এদের কথামতো, রাতারাতি পাঠ্যপুস্তক বদলেছে, নারীনীতি তালাবদ্ধ রেখেছে...। এই সরকারও তাই করে যাচ্ছে। এটাই পরিবর্তন, এটাই সংস্কার?’
নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন বলেন, আমাকে খুবই অন্যায়ভাবে বদলি করা হয়েছে। আমি যে নারীদের নিয়ে কাজ করি, কথা বলি সেটা কিন্তু আমার চাকরিবিধির বিরুদ্ধে নয়। নরসিংদীতে আমার নিজের একটি অবস্থান তৈরি হওয়ায় মৌলবাদীরা হুমকি হিসেবে দেখছে। এজন্য মৌলবাদীরা আমাকে সরাতে চাইছিল। নারী অধিকারকে মৌলবাদীরা ধর্মবিরোধী ট্যাগ দিয়ে দেয়। ‘আমার কাজ, চিন্তা, প্রগতি ধারাকে ঝুঁকি মনে করে তারা এটা করেছে।’
এর আগে ম্যাগাজিনে ‘বিতর্কিত’ লেখা ছাপানোর অভিযোগে নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে গত রবিবার দুপুরে নরসিংদী সরকারি কলেজসংলগ্ন শিক্ষা চত্বর এলাকায় প্রতিবাদ সমাবেশ করেন জেলা হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সংগঠনের নেতারা তাদের বক্তব্যে নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে ‘কোরআন ও ইসলাম অবমাননা’র অভিযোগ তুলে অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়।