বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘স্বৈরাচার পালিয়ে গেলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন গুরুত্বপূর্ণ।’
গতকাল সোমবার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে গয়েশ^র সাংবাদিকের এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, ‘ফ্যাসিবাদ তাড়াতে পারলেও জনগণ এখনো গণতন্ত্রের নাগালের বাইরে। বিএনপি এখনো গণতন্ত্রের লড়াইয়ে আছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তা প্রতিষ্ঠা করা হবে।’ তিনি বলেন, ‘গণতন্ত্র এখনো আলোর মুখ দেখেনি। গণতন্ত্রের লড়াইয়ে বিগত দিনে খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা করা হয়েছিল। তাকে হত্যার চেষ্টাও করা হয়। তারপরও তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থাকলেও সবসময় নেতাকর্মী ও জনগণের পাশে থেকেছেন। তিনি পুরো জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন। ছাত্র-জনতার আন্দোলনেও সহযোগিতা করেছে বিএনপি।’ বিএনপির এই নেতা বলেন, ‘১৭ বছর দেশে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন-সংগ্রাম করেছে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, নির্বাহী কমিটির সদস্য অপর্ণা রায় প্রমুখ।
এদিকে সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে একটি অনলাইন পত্রিকায় নতুন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পেছনে কারও একার কৃতিত্ব নেই। নির্যাতিত সাংবাদিক, বন্ধ হয়ে যাওয়া গণমাধ্যম, রাজনীতিবিদ, পঙ্গুত্ববরণকারী, আহত-নিহত ছাত্র-জনতাসহ অনেকের অবদান আছে। এসব অবদানের স্বীকৃতি দিতে হবে, কৃতিত্ব দিতে হবে। তবেই সবাইকে নিয়ে জাতীয় ঐক্য বজায় রাখা সম্ভব হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হবে, মিডিয়া ততদিন স্বাধীন হবে না। অগণতান্ত্রিকভাবে যারা ক্ষমতায় থাকে তারা মিডিয়াকে চাপে রাখে।’
অনলাইনটির সম্পাদক একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।
পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশে যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হবে মিডিয়া ততদিন স্বাধীন হবে না। অগণতান্ত্রিকভাবে যারা ক্ষমতায় থাকে তারা মিডিয়াকে চাপে রাখে।’ তিনি বলেন, ‘আগামীর ঐক্য হবে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য। আগামীতে দেশের মানুষের জন্য দায়বদ্ধ সরকার দরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সহ-সভাপতি গাজী আনোয়ার, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ সংগঠনটির সিনিয়র নেতারা।