এবারের হজ মৌসুমে ‘মাতাফ’ (কাবার চারপাশের খোলা চত্বর) রেকর্ডসংখ্যক হজযাত্রীর সুশৃঙ্খলভাবে তাওয়াফ পালনের জন্য পুরোপুরি প্রস্তুত। এবার হজে প্রতি ঘণ্টায় মাতাফে ১ লাখ ৭ হাজার হজযাত্রী তাওয়াফ করতে পারবেন, যা অন্যান্য বছরের তুলনায় সংখ্যার দিক দিয়ে সর্বোচ্চ। সৌদি প্রেস এজেন্সির বরাতে মসজিদে হারাম ও মসজিদে নববীর জেনারেল অথরিটি এ সংবাদ জানিয়েছে।
সৌদি কর্র্তৃপক্ষ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে মাতাফে প্রবেশ, চলাচলের পথ এবং জনসমাগম ব্যবস্থাপনা পদ্ধতিকে সর্বোচ্চ কার্যকর করার জন্য নিরলস কাজ করছে, যাতে বিপুল সংখ্যক হজযাত্রী অনায়াসে ও শৃঙ্খলার সঙ্গে তাদের তীর্থকর্ম সম্পন্ন করতে পারেন।
প্রধান ও ছোট-বড় অনেক প্রবেশদ্বারকে শুধু হজযাত্রীদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে এবং সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য অতিরিক্ত প্রবেশপথ বরাদ্দ রাখা হয়েছে।
এসব ব্যবস্থাপনা একটি পূর্ণাঙ্গ জনসমাগম নিয়ন্ত্রণ কৌশলের অংশ, যার উদ্দেশ্য হলো হজ পালনকারী প্রত্যেক অতিথির নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করা।
এই ধারণক্ষমতা বৃদ্ধির ঘোষণা এসেছে এমন এক সময়ে, যখন আন্তর্জাতিক হজযাত্রীদের আগমন ব্যাপক হারে বাড়ছে। সৌদি পাসপোর্ট অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবে প্রবেশ করা হজযাত্রীর সংখ্যা ৯ লাখ ৬১ হাজার ৯০৩ জনে পৌঁছেছে। এর মধ্যে ৯ লাখ ১২ হাজার ৫৯৮ জন এসেছেন আকাশপথে, ৪৫ হাজার ২৮ জন স্থলপথে এবং ৪ হাজার ২৭৭ জন সাগরপথে।
জেদ্দা এয়ারপোর্ট কোম্পানি জানিয়েছে, তারা হজযাত্রীদের সুবিধার্থে তিনটি টার্মিনালে বিশেষ ব্যবস্থা রেখেছে। এসব টার্মিনালে শত শত ইমিগ্রেশন কাউন্টার, লাগেজ স্টেশন, বোর্ডিং ব্রিজ এবং কাস্টমস পরীক্ষা-নিরীক্ষা ডিভাইস স্থাপন করা হয়েছে, যাতে হজযাত্রীদের প্রক্রিয়াকরণ সহজ ও দ্রুত সম্পন্ন হয়।