চলতি ২০২৪-২৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির সাময়িক হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ৯ মাসের উপাত্তের ভিত্তিতে প্রণীত সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৯৭ শতাংশে নেমেছে। তবে মাথাপিছু আয় বেড়েছে। বর্তমানে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮২০ মার্কিন ডলার। ২০২৩-২৪ অর্থবছর শেষে এটির পরিমাণ ছিল ২ হাজার ৭৩৮ ডলার।
গতকাল মঙ্গলবার বিবিএস ২০২৪-২৫ অর্থবছরের মাথাপিছু আয় ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাময়িক হিসাব প্রকাশ করে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসের প্রাপ্ত হিসাবের ভিত্তিতে প্রবৃদ্ধির এই সাময়িক হিসাব করা হয়েছে বলে বিবিএসের কর্মকর্তারা জানিয়েছেন।
কভিডের বছর ২০১৯-২০ অর্থবছরের পর জিডিপির প্রবৃদ্ধি আবার ৪ শতাংশের নিচে নামল। কভিডের বছরে লকডাউনসহ নানা বিধিনিষেধ থাকায় ২০১৯-২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয় ৩ দশমিক ৫১ শতাংশ। কভিডের সময়ের বিশেষ পরিস্থিতি বাদ দিলে দুই দশকের মধ্যে এত কম প্রবৃদ্ধি আর কোনো বছরে হয়নি। বিবিএস বলছে, ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ২২ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল ৫ দশমিক ৭৮ শতাংশ।
বিবিএসের হিসাবে, চলতি অর্থবছরের জিডিপিতে কৃষি ও সেবা খাতের প্রবৃদ্ধি আগের বছরের চেয়ে কিছুটা কমেছে। কৃষি খাতে ১ দশমিক ৭৯ শতাংশ এবং সেবা খাতে ৪ দশমিক ৫১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৫১ শতাংশ।
এবার প্রবৃদ্ধি কমবে, এমন পূর্বাভাস আন্তর্জাতিক সংস্থাগুলো দিয়েছে। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৩ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস হলো ৩ দশমিক ৮ শতাংশ। আরেক দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলেছিল, বাংলাদেশে চলতি অর্থবছরে ৩ দশমিক ৯ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হতে পারে।
এদিকে মাথাপিছু আয় এখন ২ হাজার ৮২০ মার্কিন ডলার বলে জানিয়েছে বিবিএস। এই মাথাপিছু আয় এ যাবৎকালের সর্বোচ্চ। গত অর্থবছরের চেয়ে মাথাপিছু আয় বেড়েছে ৮২ ডলার। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার। এর আগে ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ ২৭৯৩ ডলার মাথাপিছু আয় হয়েছিল। এরপর ডলারের দাম বেড়ে যাওয়ায় মাথাপিছু আয় ডলারের হিসাবে বাড়েনি।
মাথাপিছু আয় ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরীণ আয়ের পাশাপাশি প্রবাসী আয়সহ যত আয় হয়, তা একটি দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে এই হিসাব করা হয়। বিবিএসের হিসাবে দেখা গেছে, ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার। এরপর ২০২২-২৩ অর্থবছরের মাথাপিছু আয় কমে দাঁড়ায় ২ হাজার ৭৪৯ ডলারে। গত অর্থবছরে তা আরও কমে ২৭৩৮ ডলার হয়।
মূলত ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় বিবিএসের হিসাবে মাথাপিছু আয়ের পার্থক্য হয়। চলতি অর্থবছরের বিবিএসের মাথাপিছু আয় হিসাব করতে প্রতি ডলারের গড় বিনিময় হার ধরা হয়েছে ১২০ টাকা ২৯ পয়সা। গতবার এই বিনিময় হার ধরা হয়েছিল ১১১ টাকা ৬ পয়সা। চলতি অর্থবছরে টাকার অঙ্কে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৩৯ হাজার ২২১ টাকা। গত অর্থবছরে এর পরিমাণ ছিল ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা।