পাকিস্তানে সন্ত্রাসবাদ চিরতরে বন্ধ করতে হলে দেশটির মানুষদের আগে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা না হলে তিনি গুলি নিয়ে প্রস্তুত রয়েছেন বলেও হুমকি দেন। গত সোমবার গুজরাটে এক জনসভায় ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির এই নেতা এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, গুজরাটের ভূজে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভায় ভাষণ দেন। এ সময় তিনি বলেন, পাকিস্তানে সন্ত্রাসবাদ বন্ধ করতে দেশটির জনগণকে এগিয়ে আসতে হবে। শান্তিতে বাস করো এবং বসে বসে রুটি খাও, না হলে আমার বুলেট তো আছেই।
ক্ষমতার ১১ বছর পূর্ণ করার পর ভূজে এই সমাবেশে ভারতের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন এবং পাকিস্তানকে একটি স্পষ্ট বার্তা দেন মোদি। এ সময় তিনি আরও বলেন, ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। পাকিস্তানের জনগণকে তাদের দেশের অবস্থান নিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন মোদি। তিনি বলেন, ভারত পর্যটনে বিশ্বাস করলেও পাকিস্তান সন্ত্রাসবাদকে পর্যটন হিসেবে বিবেচনা করে, যা বিশ্বের জন্য খুবই বিপজ্জনক। আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা কী অর্জন করেছ? যারা সন্ত্রাসবাদকে উৎসাহিত করেছে, তারা তোমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে। মোদি বলেন, পেহেলগাম হামলার পর আমি ১৫ দিন অপেক্ষা করেছিলাম এই আশায় যে, পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু মনে হচ্ছে সন্ত্রাসই তাদের রুটি-রুজি। অপারেশন সিঁদুর মানবতা রক্ষা এবং সন্ত্রাসবাদের অবসান ঘটানোর একটি মিশন। ৯ মে রাতে যখন পাকিস্তান বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছিল, তখন আমাদের সেনাবাহিনী দ্বিগুণ শক্তি নিয়ে প্রতিশোধ নেয় এবং তাদের বিমানঘাঁটি ধ্বংস করে দেয়।
পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই নিজেদের প্রযুক্তি ও অর্থায়নে নতুন একটি যুদ্ধবিমান তৈরিসংক্রান্ত প্রস্তাবনা অনুমোদন করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটের (এএমসিএ) আওতায় তৈরি করা হবে এ বিমানটি। সোমবার মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা ক্ষমতাকে আরও বৃদ্ধি করতে এবং আকাশসীমাকে সুরক্ষিত রাখতে পঞ্চম প্রজন্মের নতুন একটি যুদ্ধবিমান তৈরিসংক্রান্ত প্রস্তাবনা অনুমোদন করেছে মন্ত্রণালয়। প্রস্তাবিত নতুন এ বিমানটি তৈরি হলে সেটি হবে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। সেই হিসেবে এর গতিবেগও হবে অকল্পনীয়। পঞ্চম প্রজন্মের অধিকাংশ যুদ্ধবিমান নিঃশব্দে উড়তে সক্ষম। এ সক্ষমতাকে বলা হয় ‘স্টেলথ’। ভারতের প্রস্তাবিত নতুন বিমানটিও স্টেলথ যুদ্ধবিমান হবে বলে জানা গেছে।
এদিকে ভারত রাজি থাকলে কাশ্মীর সমস্যা এবং পানি নিরাপত্তাসহ দুই দেশের মধ্যে চলমান বিরোধ নিরসনে আলোচনা করতে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার ইরান সফরে গিয়ে তিনি এসব কথা বলেন। ডন জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এখন ইরান সফরে রয়েছেন। গত সোমবার তেহরানে পৌঁছার পর সাদাবাদ প্রাসাদে শাহবাজকে স্বাগত জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে ইরানের পক্ষ থেকে শাহবাজ শরিফকে গার্ড অব অনার প্রদান করা হয়। দুই নেতা বৈঠকের পর একটি যৌথ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে শাহবাজ বলেন, দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে খুবই ফলপ্রসূ এবং কার্যকর বৈঠক হয়েছে, যা আমাদের পারস্পরিক স্বার্থ এবং সহযোগিতার সব ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করেছে।