বগুড়ায় বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ২ লাখ টাকা ছিনতাই

বগুড়ার শেরপুর উপজেলায় সোহরাব হোসেন (৩২) নামে এক বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ২ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা। বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাজীপুর এলাকায় এই ঘটনা ঘটে। 

বিকাশ কর্মী সোহরাব বগুড়ার শাহজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের দুরুলিয়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন বিকাশ বিতরণ কর্মকর্তা। সোহরাব হোসেন বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছে।

সোহরাব হোসেন বলেন, সকালে তিনি জগন্নাথপাড়া এলাকার ‘নিদ্রাবিলাশ’ নামের একটি স্থান থেকে ২ লাখ টাকা সংগ্রহ করে মোটরসাইকেলযোগে হাজীপুরে যাচ্ছিলেন। পথে শেরপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পেছন দিক থেকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তার পিঠে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাঁধা দিলে ছিনতাইকারীরা তার ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তিনি রাস্তায় পড়ে গেলে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার সময় স্থানীয় কয়েকজন লোক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, ঘটনার পর ছিনতাইকারীরা দ্রুতগতিতে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ছিনতাইকারীদের ধরতে আমরা অভিযান শুরু করেছি। তাঁদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আশা করছি দ্রুত গ্রেপ্তার করতে পারব।