ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসের চাপায় মাহেন্দ্রের ৩ জন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের দত্তপাড়া এলাকায় ১ নম্বর মোড় সংলগ্ন এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল।
নিহতরা হলেন- উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুরা গ্রামের আব্দুস ছোবান (৬০) ও তার ছেলে সবুজ মিয়া (৩২) এবং অপর যাত্রী দড়িপাঁচাশি গ্রামের মৃত আহাম্মদ আলীর মেয়ে কহিনুর সুলতানা (৩৫)।
আহতরা হলেন- সাব্বির (২৭), শিউলি (২৮), রফিকুল ইসলাম (৩০), আব্দুল গণি (৫০), রমজান আলী (২৩), শাহীন (২০)। তারা সবাই মাহেন্দ্রের যাত্রী ছিলেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী রিয়াদ ও নাছিরুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি মাহেন্দ্র ঈশ্বরগঞ্জের দিকে আসছিল। পৌর এলাকার দত্তপাড়া গ্রামের ১ নম্বর মোড়ে আসতেই দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইকে গিয়ে ধাক্কা খেয়ে মাহেন্দ্রটির পেছনের অংশ মহাসড়কের ওপর এসে যায়। এমন সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস এসে মাহেন্দ্রকে চাপা দেয়। এতে মাহেন্দ্রতে থাকা বাবা-ছেলেসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আহত হন আরো কয়েকজন। খবর পেয়ে আহতদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান ইউএনও সানজিদা রহমান।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বাস চাপায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। আমি ঘটনাস্থলেই আছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চেয়েছি নির্বাচনের রোডম্যাপ, করলেন পদত্যাগের নাটক