জুলাই অভ্যুত্থানে বাড্ডা এলাকায় এক দোকান কর্মচারী নিহতের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ৩১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলাটি বাড্ডা থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার অন্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শাজাহান খান, ফারুক খান, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, সাবেক এমপি প্রাণ গোপাল দত্ত, এ এম নাঈমুর রহমান দুর্জয়, খসরু চৌধুরী ও সালমা চৌধুরী, ডিএমপি ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, অভিনেতা সিদ্দিকুর রহমান।
গত সোমবার মামলাটি করেন নিহত দোকানকর্মী পারভেজ ব্যাপারীর বাবা মো. সবুজ। বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলাটি গতকাল আদেশের জন্য দিন ধার্য করেছিল আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বিকেলে ৫০০-৭০০ জন আন্দোলনকারী বাড্ডা থানাধীন সুবাস্তু টাওয়ারের সামনে বিক্ষোভ করেন। সে সময় তাদের ওপর হামলা ও গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হন উত্তর বাড্ডার এ+এন ফার্নিচার দোকানের কর্মী পারভেজ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।