বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হলেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আজ শুক্রবার বিকেলে বিসিবির সভায় তাকে সভাপতি নির্বাচিত করেছেন পরিচালকরা। এর আগে আজ দুপুরে বুলবুলকে পরিচালক করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনসিএ)।
বিসিবির সভাপতির পদ নিয়ে গত দুই দিন ধরে নানা নাটকীয়তা চলছিল। গত বুধবার গভীর রাতে গণমাধ্যমে খবর আসে যে, ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হচ্ছে বিসিবির সভাপতি পদ থেকে। সরকারের এমনই ইচ্ছা। যেহেতু ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ নিষিদ্ধ, তাই ফারুককে পদত্যাগ করতে বলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কিন্তু ফারুক ঘোষণা দেন, তিনি পদত্যাগ করবেন না।
এরপর গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিবি পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বৈধভাবেই এটা করা হয়েছে। সেইসঙ্গে ফারুকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মসহ বেশ কিছু অভিযোগও আনা হয়েছে। এর প্রেক্ষিতে আইসিসির কাছে নালিশও করেছেন ফারুক আহমেদ।
ফারুকের বিদায়ের সংবাদ চাউর হতেই সম্ভাব্য বিসিবি সভাপতি হিসেবে উঠে আসে আমিনুল ইসলাম বুলবুলের, যিনি ২০০০ সালে দেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। অনেকটা সময় জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। বিসিবির দায়িত্ব গ্রহণের আগে দীর্ঘদিন আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ এক যুগের বেশি সময় ক্রিকেট খেলেছেন বুলবুর। জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন ১৩টি টেস্ট এবং ৩৯টি ওয়ানডে। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার পর দেশে কোচিং শুরু করেছিলেন। পরে অস্ট্রেলিয়ায় পরিবার নিয়ে থিতু হন। এরপর গত এক যুগের বেশি সময় আইসিসি ও এসিসির বিভিন্ন দায়িত্বে ছিলেন আমিনুল।