দেশের মানুষের কাছে ক্রিকেটের আকর্ষণ হারিয়ে যাচ্ছে: তামিম

আপডেট : ৩০ মে ২০২৫, ০৪:১৮ পিএম

গত ৮-৯ মাস ধরেই বাংলাদেশের ক্রিকেট ক্রমাগত তলানির দিকে যাচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ যে, আরব আমিরাতের কাছেও টি-টোয়েন্টি সিরিজ হারতে হয়েছে। একের পর এক সিরিজে ক্রিকেটারদের জঘন্য পারফর্মেন্স আর নানাবিধ বিতর্কের কারণে ক্রিকেটপ্রেমীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে মনে করেন জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবাল।

এই মুহূর্তে বাংলাদেশ দল পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। এমন সময়েই পাকিস্তানে ব্যক্তিগত কাজে গিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সেখানে উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদের উদাহরণ টেনে তিনি বলেছেন, ‘দেশের বাইরে কে কী ভাবছে, তা নিয়ে ভাবার চেয়ে দেশের ভেতরে কে কী ভাবছে তা নিয়ে ভাবা উচিত আমাদের। পাকিস্তানে ৪জন সাংবাদিক গেছেন, বাংলাদেশের ক্রিকেটে কি এমন কিছু হয়েছে? বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলুক, জিম্বাবুয়ে বা পাকিস্তানের বিপক্ষে খেলুক, যে ৪ জন সাংবাদিক আসবেন? আমি তো এমন কোনো দিন দেখিনি।’

তামিম আরও বলেন, ‘এটা আমাদের কী বার্তা দিচ্ছে? ক্রিকেট তার আকর্ষণটা হারিয়ে ফেলছে। এ থেকে উত্তরণ করতে আমার পরামর্শ হলো প্রথমেই মেনে নেওয়া আমরা স্ট্রাগল করছি। এটা মেনে নেওয়ার পর এখান থেকে কীভাবে এগিয়ে যেতে হবে তা নিয়ে ভাবা উচিত। কে সভাপতি হবে, কে হবে না, আমার মনে হচ্ছে অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা বেশি সিরিয়াস। যেটা ক্রিকেট, ক্রিকেটের উন্নয়ন কীভাবে হবে, ক্রিকেটকে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যাব, সেটা নিয়ে আমাদের কোনো ভাবনা নেই।’

এ থেকে উত্তরণের পথও বাতলে দিয়েছেন তামিম, ‘আমার মনে হয় নতুন আইডিয়া নতুন চিন্তা আসার এটাই ভালো সময়। আমার মনে হয় যখন আপনি মেনে নিবেন যে আমরা স্ট্রাগল করছি, তখন আপনারা প্ল্যান করতে পারবেন যে কীভাবে আমরা আজ থেকে পাঁচ-ছয় বছর পর ক্রিকেটের পাওয়ার হাউজ হয়ে উঠতে পারি। আমরা সবাই জানি এক দুই বছরে এটা হতে পারব না, এটা অসম্ভব ব্যাপার। তবে এখন থেকে ওই লক্ষ্যে এগোলে একটা সম্ভাবনা আছে।’

তামিম বলেন, ‘আমি সবসময় একটা বিষয় বলি যে আমাদের ক্রিকেটে সবাই ভাবে যে আমি এসে চেঞ্জ করে ফেলব। আপনি এটা বদলে ফেলতে পারবেন না, আপনি চেষ্টা করতে পারেন, এরপর বদল আনতে পারবেন। কেউ যখন বলে আমি আসলে এটা করে ফেল্ব, ওটা করে ফেলব, এটা ভুল। আমি আসলে আমি এটা করার চেষ্টা করব, এ জিনিসটা বলা উচিত, এখানে কার বয়স কত, এটা মোটেও বিষয় নয়, আপনি এখানে কী উদ্দেশ্য নিয়ে এসেছেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

ক্রিকেট বোর্ডে চলমান সংকট নিয়ে তামিমের বক্তব্য, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা হলো ক্রিকেটের বোর্ড একটা, ক্রিকেট বাদে সবকিছু হচ্ছে। কে আসবে, কে যাবে, কে সভাপতি হবে, কে হবে না, কে নির্বাচন করবে, কে করবে না। ঠিক আছে, এগুলো একটা অংশ…আজকে দেখেন বাংলাদেশ ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ কমে আসছে। আমার কাছে মনে হয় কে সভাপতি হবে, এগুলো আমার বলাতে, না বলাতে কোনো কিছু যায় আসে না। আমি একটাই অনুরোধ করব, যাঁরা আছেন বা যাঁরা আসবেন, ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন। কারণ, ক্রিকেট তার আকর্ষণ হারাচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত