কারাগারে বন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি স্বেচ্ছাসেবক লীগের এক নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
মারা যাওয়া ওই ব্যক্তির নাম ইমাম হোসেন বাচ্চু (৪৪)। তিনি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ছিলেন। নগরীর মোগলটুলি এলাকার বাসিন্দা বাচ্চুর বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে দুটি মামলা ছিল বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, শনিবার সকালে বাচ্চুর বুকে ব্যথা শুরু হলে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
হালিমা খাতুন আরও জানান, কোতোয়ালি মডেল থানার পুলিশ গত ৩০ মার্চ ইমাম হোসেন বাচ্চুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। মৃত্যুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।