কেরোসিনের দাম বাড়ল পেট্রোল অকটেনের কমল

দেশে গরিবের জ্বালানি হিসেবে পরিচিত কেরোসিনের দাম লিটারপ্রতি ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করেছে সরকার। অন্যদিকে ডিজেলের দাম লিটারপ্রতি ২ টাকা এবং অকটেন ও পেট্রোলের দাম ৩ টাকা করে কমানো হয়েছে।

গতকাল শনিবার রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। জুন মাসের জন্য নির্ধারিত এই দর কার্যকর হবে আজ (রবিবার) থেকে।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা আর অকটেন ও পেট্রোলের দাম হবে যথাক্রমে ১২২ ও ১১৮ টাকা।

এতদিন ডিজেল ও কেরোসিনের দাম সমান হলেও এবার ডিজেলের চেয়ে কেরোসিনের দামের ব্যবধান লিটারপ্রতি ১২ টাকা বেড়েছে। অন্যান্য জ্বালানির দাম কমলেও বেড়েছে কেরোসিনের দাম। এর ফলে নিম্ন আয়ের মানুষের ব্যয় বেড়ে যাবে।

কেরোসিন সাধারণত বাতি জ্বালানোর কাজে ব্যবহৃত হয়। সলতেওয়ালা লণ্ঠন বা প্রদীপে কেরোসিন ভর্তি করে আগুন জ্বালিয়ে অনেকক্ষণ পর্যন্ত আলো পাওয়া যায় বলে ঘরবাড়ি, নৌযান ইত্যাদিতে এর ব্যবহার রয়েছে। গ্রামগঞ্জে রাতে আলোর জন্য হারিকেন, কুপি, এমনকি চুলায় রান্নার কাজেও কেরোসিনের ব্যবহার হয়। বর্তমানে দেশে বিদ্যুতের উৎপাদন বেড়ে যাওয়ায় কেরোসিনের ব্যবহার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে।

এর আগে ফেব্রুয়ারির প্রথম দিনে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে ১ টাকা বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এক টাকা বাড়িয়ে প্রতি লিটার অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা নির্ধারণ করেছিল সরকার। পরের দুই মাস অর্থাৎ মার্চ ও এপ্রিল তেলের দাম ছিল অপরিবর্তিত। মে মাসে সেই দাম লিটারপ্রতি ১ টাকা করে কমানো হয়।

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছরের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করে আসছে সরকার। এ হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করছে সরকার। অবশ্য অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি তেলের দাম কমানোর পাশাপাশি কোনো কোনো মাসে অপরিবর্তিত রাখা হয়েছে। আবার কোনো কোনো মাসে বেড়েছে।

গত বছরের ৩১ আগস্ট প্রথমবার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয় অন্তর্বর্তী সরকার। সেদিন সেপ্টেম্বর মাসের জন্য পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৬ টাকা এবং প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা ২৫ পয়সা করে কমানো হয়।

অক্টোবর মাসে দাম নির্ধারণে নভেম্বরে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন দাম ৫০ পয়সা করে কমিয়ে ১০৫ টাকা করা হলেও অপরিবর্তিত রাখা হয় পেট্রোল ও অকটেনের দাম।

আর ডিসেম্বরের শেষ দিন মূল্য সমন্বয়ের ঘোষণায় এক টাকা কমিয়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয় ১০৪ টাকা। আগের মতো পেট্রোল ১২১ টাকা এবং অকটেন ১২৫ টাকা রাখা হয়।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ভর্তুকির চাপ এড়াতে ২০২২ সালের আগস্টে গড়ে ৪২ শতাংশ বাড়ানো হয় জ্বালানি তেলের দাম। এরপর ব্যাপক সমালোচনার মুখে ২৩ দিনের মাথায় সব জ্বালানি তেলের লিটারে ৫ টাকা করে কমানো হয়।