মুঠোফোনে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার বেলা ১১টা থেকে শুরু হওয়া এ অভিযান পরিচালনা করছে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম।
দুদকের জনসংযোগ শাখার উপপরিচালক আক্তারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহের লক্ষ্যে এ অভিযান চালানো হচ্ছে। মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো অস্বাভাবিক বা নিয়মবহির্ভূত লেনদেন হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
এর আগেও চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ‘নগদ’-এ অভিযান চালায় দুদক। সেই সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় ৭৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার, পাঁচ হাজারের মতো অবৈধ এজেন্ট কার্যক্রম এবং আর্থিক প্রতিষ্ঠানের নীতিমালা লঙ্ঘন করে ৭০ শতাংশ বিদেশি শেয়ার হস্তান্তরের অভিযোগ উঠে আসে।
ওই অভিযানে ‘নগদ’-এর ই-ওয়ালেটের মাধ্যমে ৬০০ কোটিরও বেশি টাকার অনিয়মিত লেনদেনের তথ্য পাওয়ার কথা জানায় দুদকের তদন্ত টিম। একইসঙ্গে অভিযোগ করা হয়, প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ অতিরিক্ত ই-মানি তৈরি করে বিদেশি কয়েকটি কোম্পানির মাধ্যমে অর্থ পাচারেও জড়িত।