সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ছুটিপুরে বিওপি চেকপোস্ট

সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কবীর। তিনি বলেন, ‘সীমান্ত সুরক্ষায় বিজিবি করণীয় সবকিছু করবে। সীমান্তের স্থল ও জলপথে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিজিবি সমানভাবে কাজ করবে।’ গতকাল রবিবার সাতক্ষীরার দেবহাটা উপজেলার ছুটিপুর সীমান্তে নবনির্মিত বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

ছুটিপুর বিওপি উদ্বোধন : যশোর দক্ষিণ-পশ্চিম রিজিওনাল কমান্ডের উদ্যোগে ছুটিপুর সীমান্ত ফাঁড়ি উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কবীর। সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অপারেশনাল কার্যক্রম পরিচালনা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে নতুন বিওপি স্থাপন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনার ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্নেল মো. আশরাফুল হক, যশোর রিজিওনের অপারেশন পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. শাহারিয়ার রাজীব, রিভারাইন কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার সৈয়দ আব্দুর রউফ প্রমুখ।

উদ্বোধন শেষে স্থানীয় অসহায়দের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ এবং বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নালিতাবাড়ী সীমান্তে ১১ বাংলাদেশি গ্রেপ্তার : একই দিনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া সীমান্তে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি। গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী এবং তিন শিশু রয়েছে। শনিবার বিকেলে বিজিবির রামচন্দ্রকুড়া ক্যাম্পের একটি টহল দল সীমান্তবর্তী পানিহাতা মিশন এলাকার ১১১৮/৯-এস পিলারসংলগ্ন স্থান থেকে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করা অবস্থায় তাদের আটক করে।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, কয়েক বছর আগে তারা বৈধ পাসপোর্ট ছাড়াই কাজের সন্ধানে ভারত গিয়েছিলেন এবং এবার ফেরার সময়েও একইভাবে অবৈধ পথে দেশে প্রবেশ করেন। বিজিবি তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, বাংলাদেশি সিমকার্ড এবং কিছু ভারতীয় রুপি জব্দ করেছে।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান, বিজিবি বাদী হয়ে অনুপ্রবেশ আইনে মামলা করেছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ-ভারত সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে কাজের উদ্দেশে গমন ও অনুপ্রবেশের পর ফেরত আসার পথে বহু বাংলাদেশি অনিয়মতান্ত্রিকভাবে সীমান্ত অতিক্রম করে। সীমান্তের নানা অঞ্চলে ‘পুশইন’ এবং উত্তেজনার ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবি সীমান্ত সুরক্ষায় নতুন পদক্ষেপ নিচ্ছে। নতুন বিওপি স্থাপন, স্থানীয়দের সম্পৃক্ততা এবং প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে সীমান্তে চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে তারা।