এক সপ্তাহ পর আজ বুধবার খুলছে জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতাল। চালুর প্রথম দিন আজ শুধু জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে বহির্বিভাগেও চিকিৎসা পাবেন রোগীরা।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর গতকাল মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হাসপাতালে মারামারির ঘটনায় দুপক্ষই অভিযোগ করেছে। বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি তদন্ত করে যা পায়, তার ওপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে।
এ কর্মকর্তা আরও জানান, এ হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের চোখের অবস্থা দেখার জন্যও একটি কমিটি করা হয়েছে। এ কমিটিতে সম্মিলিত সামরিক হাসপাতাল, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের রাখা হয়েছে। তারা আজ জুলাইয়ে আহতদের চোখ পরীক্ষা করে জানাবেন যে, তাদের হাসপাতালে থাকার প্রয়োজন আছে কি নেই।
এর আগে হাসপাতালে চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ‘জুলাই যোদ্ধাদের’ বিরোধ ও সংঘর্ষের ঘটনায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসাসেবা গত বুধবার থেকে বন্ধ ছিল। চক্ষু চিকিৎসায় দেশের প্রধান হাসপাতালটি টানা সাত দিন ধরে বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা।