টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ধল্লাই মোড়ের পাশের একটি সরু রাস্তা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে কালিহাতী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ঈদযাত্রায় যানজট এড়াতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পরিবর্তে অনেক যাত্রী ঘুরপথে গোড়াই হয়ে সখিপুর-কালিহাতীর সরু রাস্তায় উত্তরবঙ্গমুখী যাতায়াত করছেন। এই পথেই ধল্লাই মোড় এলাকায় ওই লাশ দেখতে পান পথচারীরা।
লাশের সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া যায়। সেখান থেকে মৃত যুবকের পরিচয় শনাক্ত করা হয়—তার নাম রানা ইসলাম (২৬)। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার কয়ড়াপাড়া গ্রামের মোতালেবের ছেলে।
ঘটনার বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।