বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত

ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত। আজ শনিবার সকাল ৭টায় শুরু হওয়া এ জামাতে অংশ নিতে ধর্মপ্রাণ মুসল্লিরা ভোর থেকেই মসজিদমুখী হন। ফজরের নামাজের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা দলে দলে মসজিদ প্রাঙ্গণে আসতে শুরু করেন, যা ধীরে ধীরে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

ঈদের এই বৃহৎ জামাত নির্বিঘ্ন করতে সকাল থেকে বায়তুল মোকাররম এলাকায় নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। মসজিদের প্রতিটি প্রবেশপথ ও আশপাশের এলাকায় ছিল পুলিশের টহল, সিসিটিভি নজরদারি এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতি। মসজিদের বাইরে ছিল বিভিন্ন বাহিনীর সদস্যদের কড়া নজরদারি।

প্রথম জামাতে ইমামতি করেন যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী। মুকাব্বির ছিলেন মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।

ইসলামিক ফাউন্ডেশনের ঘোষণানুযায়ী, এ বছরও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মোট পাঁচটি ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে।

দ্বিতীয় জামাত শুরু হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী এবং মুকাব্বির হবেন মো. নাসির উল্লাহ।

তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক ড. মুশতাক আহমদ। মুকাব্বির থাকবেন মো. বিল্লাল হোসেন।

চতুর্থ জামাত হবে সকাল ১০টায়, যাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির থাকবেন মো. আমির হোসেন।

পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির হবেন মো. জহিরুল ইসলাম।

ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কোনো জামাতে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা মো. শহিদুল ইসলাম। বিকল্প মুকাব্বির থাকবেন মসজিদের খাদেম মো. রুহুল আমীন।

পবিত্র ঈদুল আজহার এই দিনে ত্যাগ ও কোরবানির মহিমায় মগ্ন হয়ে ধর্মপ্রাণ মুসলমানরা সুশৃঙ্খল পরিবেশে নামাজ আদায়ের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যাশায় এগিয়ে যাচ্ছেন।