সিরাজগঞ্জের তাড়াশে ঝড়ের সময় বাড়ি যাবার পথে গাছের ডাল ভেঙ্গে চাপা পড়ে আরশেদুল ইসলাম রিন্টু (৫৪) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) রাত সাড়ে ৯ টার দিকে তাড়াশ উপজেলার সোনা পাতিল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষক সোনা পাতিল গ্রামের মৃত আজগর আলী আকন্দের ছেলে ও সোনাপাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে ঝড় ও বৃষ্টি শুরু হয়। ওই শিক্ষক ঝড়কে উপেক্ষা করে তাড়াশ সদর থেকে মোটরসাইকেল যোগে তাড়াশ সলঙ্গা আঞ্চলিক সড়ক ধরে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় সোনাপাতিল ব্রিজের কাছে পৌঁছালে ঝড়ে একটি ইউক্যালিপটাস গাছের ডাল মাথার উপর ভেঙ্গে পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আপেল মাহমুদ বলেন, ‘ঈদ উৎসবের একদিন আগে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদেরকে হতবাক করেছে। আমরা তার পারলৌকিক শান্তি কামনা করছি।’
