কড়া নিরাপত্তায় বায়তুল মোকাররমে ঈদের জামাত, শুরু সকাল ৭টায়

আপডেট : ০৭ জুন ২০২৫, ০৭:০১ এএম

ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে আজ শনিবার সকাল ৭টায়। তবে তারও দুই ঘণ্টা আগে থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন। ফজরের নামাজের পর থেকেই ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে ধীরে ধীরে পূর্ণ হতে থাকে জাতীয় মসজিদের চত্বর।

ঈদের জামাত নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে মসজিদ ও তার আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মসজিদের প্রবেশপথ ও বাহিরে নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা এলাকায় সক্রিয় অবস্থানে রয়েছেন।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আগেই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম মসজিদে মোট পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত হবে সকাল ৭টায়। এতে ইমামতির দায়িত্ব পালন করবেন যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী এবং মুকাব্বির হিসেবে থাকবেন মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। মুকাব্বির থাকবেন মো. নাসির উল্লাহ।

তৃতীয় জামাত হবে সকাল ৯টায়, যেখানে ইমামতির দায়িত্বে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক ড. মুশতাক আহমদ। তার সঙ্গে মুকাব্বির হিসেবে থাকবেন মো. বিল্লাল হোসেন।

সকাল ১০টায় অনুষ্ঠিত হবে চতুর্থ জামাত। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির হবেন মো. আমির হোসেন।

পঞ্চম ও শেষ জামাতটি হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতির দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির হবেন মো. জহিরুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোনো জামাতে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা মো. শহিদুল ইসলাম। এছাড়া, বিকল্প মুকাব্বির হিসেবে প্রস্তুত থাকবেন মসজিদের খাদেম মো. রুহুল আমীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত