ডা. জাহিদ হোসেন

প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের সাক্ষাতে রাজনীতির কালো মেঘ দূর হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কিছুদিনের মধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে এসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার শেষ লগ্নে জনগণের পাশে দাঁড়িয়ে নেতৃত্ব দেবেন। এ ছাড়া আগামীকাল প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি সাক্ষাৎকার রয়েছে। আমরা আশাবাদী গণতন্ত্র নিয়ে যে ধোঁয়াশা, যে শঙ্কা তৈরি হয়েছে, নির্বাচন নিয়ে যে ভুল বোঝাবুঝি রয়েছে তার অবসান হবে। রাজনীতির কালো মেঘ দূর হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে আর এস ক্যাফে রেস্টুরেন্টে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. মাজহারুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান, গাজীপুর সদর বিএনপি নেতা তাহের মুসল্লি, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর সরকার, কেন্দ্রীয় কৃষক দল নেতা মাসুদ রানা প্রমুখ।

অনুষ্ঠানে জুলাই শহীদ হওয়া ও কারাগারে নিহত ছয়জন এবং আহত হওয়া ৬ জনের পরিবারের সদস্যদের হাতে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এদিন বিকেলে স্থানীয় কাওরাইদ বাজারে কালী নারায়ণ উচ্চ বিদ্যালয়ে (কেএন) উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭৫ সালের ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। তিনি এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এতে বিএনপি, কৃষক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ গ্রহণ করেন।