বোমাতঙ্কে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জরুরি অবতরণ

ভারতের গুজরাটের আহমেদাবাদে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার বোমাতঙ্কের কারণে থাইল্যান্ডে ফিরে জরুরি অবতরণে বাধ্য হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। গতকাল শুক্রবার দিল্লিগামী এআই-৩৭৯ ফ্লাইটটি স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে থাইল্যান্ডের ফুকেট থেকেই উড্ডয়ন করেছিল। কিছুক্ষণ পরই উড়োজাহাজে বোমা হামলা হওয়ার হুমকি পাওয়া যায়।

থাইল্যান্ডে জরুরি অবতরণ নিয়ে ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটরাডার ২৪ জানিয়েছে, হুমকি বার্তা পাওয়ার পর তৎক্ষণাৎ পাইলটরা উড়োজাহাজটিকে আন্দামান সাগরের চারপাশে ঘুরে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের ফুকেট বিমানবন্দরেই নিয়ে আসেন।

জরুরি অবতরণের পর উড়োজাহাজ থেকে ১৫৬ যাত্রীর সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে বিমানবন্দরের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দ্রুত যাবতীয় নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ নেওয়া হয়। যদিও তল্লাশির পরে বিমানে কোনো বোমা পাওয়া যায়নি।

তবে বোমা হামলার হুমকির বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এয়ার ইন্ডিয়ার কাছ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একদিন আগে বৃহস্পতিবার ভারতের গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে প্রায় তিনশো মানুষের মৃত্যু হয়েছে; যার মধ্যে বিমানের ২৪২ আরোহীর মধ্যে একজন ছাড়া সবাই নিহত হয়েছেন।

গত বছর ভারতের বিভিন্ন এয়ারলাইনস ও বিমানবন্দর একের পর এক ভুয়া বোমা হামলার হুমকি পেয়েছিল। এর মধ্যে প্রথম ১০ মাসেই এ ধরনের হুমকি মিলেছিল প্রায় এক হাজার, যা আগের বছরের একই সময়ের তুলনায় যা ছিল প্রায় ১০ গুণ বেশি।

এয়ার ইন্ডিয়ার এর আগে ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকলেও ২০২২ সালে এটি টাটা গ্রুপের হাতে চলে যায়। ২০২৪ সালে টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়ার সঙ্গে ভিস্তারাকে এক করে ফেলে। এর আগে টাটা সিঙ্গাপুর এয়ারলাইনসের সঙ্গে মিলে ভিস্তারা এয়ারলাইনস বানিয়েছিল।