গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে তার নিজ এলাকা পটুয়াখালীর গলাচিপায় সাড়ে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাত ১০টায় গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়ায় দলীয় এক কর্মীর স্মরণসভা শেষে ফেরার সময় এ ঘটনা ঘটে। এ সময় পুড়িয়ে দেওয়া হয়েছে দুটি মোটরসাইকেল।
নুরের দাবি, কর্মসূচি শেষে ফেরার পথে গাছ ফেলে দেশীয় অস্ত্র নিয়ে রাস্তা অবরোধ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের অনুসারীরা এ হামলা চালিয়েছে। অন্যদিকে বিএনপির অভিযোগ, কয়েক দিন ধরে ভিপি নুরের উসকানিমূলক বক্তব্য ও হামলার জেরেই এ উত্তেজনা।
রাত ১১টার দিকে সেনাবাহিনীর দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। এরপরও প্রায় তিন ঘণ্টা পাতাবুনিয়া বাজারে অবস্থান করতে হয় নুরকে। পরে রাত সাড়ে ৩টায় অবরোধ ভেঙে নেতাকর্মীদের নিয়ে নিজেই এগিয়ে গেলে সেনাবাহিনী পাহারা দিয়ে তাকে গলাচিপা ডাকবাংলোয় পৌঁছে দেয়। ভিপি নুর বর্তমানে গলাচিপা ডাকবাংলোয় অবস্থান করছেন। ঘটনার পর থেকে গলাচিপা উপজেলায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
একইদিন জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস বাজারে গণ অধিকার পরিষদ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ৮টায় বাজারে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের গ্রামের বাড়ির সামনে একটি আলোচনা সভা চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর পুরো বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভাঙচুরের আশঙ্কায় দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
ঘটনার প্রতিক্রিয়ায় নুর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাসান মামুনকে এ ঘটনার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করেছেন। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন তার ফেসবুক পোস্টে দাবি করেন, চরবিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ভিপি নুরের ছোট ভাই আমিনুল ইসলাম নুর বলেন, বাজারে দুই শতাধিক দোকান রয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান ডিসিআর পাইয়ে দেওয়ার জন্য দোকানপ্রতি ৩০ হাজার টাকা করে দাবি করেন, যা সরকারের নির্ধারিত ফির চেয়ে অনেক বেশি। অতিরিক্ত অর্থ আদায়ের বিরুদ্ধে ব্যবসায়ীরা ভিপি নুরের সহযোগিতা চান। গত ১০ জুন নুর এলাকায় গেলে বিষয়টি নিয়ে দোকানিরা অভিযোগ করেন। তিনি তাদের অতিরিক্ত টাকা না দিতে নিষেধ করেন এবং প্রশাসনের মাধ্যমে ডিসিআর পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এরপর থেকেই স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সম্পর্ক উত্তপ্ত হয় বলে দাবি করেন আমিনুল।
চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান দাবি করেন, বিএনপির একটি কর্মিসভা চলছিল। ওই সময় ভিপি নুরের ভাই আমিনুল ও তার লোকজন এসে আলোচনা বন্ধ করতে বলেন। আলোচনা বন্ধ করলেও, কোনো কারণ ছাড়াই তারা নেতাকর্মীদের ওপর চড়াও হন এবং চেয়ার ছুড়ে মারেন। এতে আমাদের ১৫ জন নেতাকর্মী আহত হয়।
তবে চান্দিনা ভিটির ডিসিআর পাইয়ে দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করে মজিবুর বলেন, কারও কাছ থেকে টাকা নিইনি। ভিপি নুরের শ্যালক এনিম আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মিলে টাকা তুলেছেন। এখন এর দায় আমাদের ওপর চাপানো হচ্ছে।
এদিকে ঘটনার প্রতিক্রিয়ায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নুরুল হক নুর লিখেছেন, এলাকার সন্তান হিসেবে মানুষের ভালোবাসা থাকায় আওয়ামী লীগের লোকেরাও আমাদের সঙ্গে ঝামেলা করতে সাহস পায়নি। অথচ আজ বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাসান মামুনের নির্দেশে চরিত্রহীন, লম্পট বাকের বিশ্বাসের নেতৃত্বে হামলা চালানো হয়েছে।
অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন তার ফেসবুক পোস্টে দাবি করেন, চরবিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ে হামলা চালায়। এতে বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অনেকে আহত হন।
এদিকে গলাচিপা পৌর শহরে গতকাল শুক্রবার একই সময়ে গণ অধিকার পরিষদ ও বিএনপি জনসভা ডকায় শহর জুড়ে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান গতকাল সকাল ১০টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত পুরো উপজেলায় ১৪৪ জারি করেছেন। এ সময়কালীন গলাচিপা পৌর শহর ও আশপাশে সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরকদ্রব্য ও সব দেশীয় অস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। থানা পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।
স্থানীয়রা জানায়, ঘটনার পেছনে মনোনয়নপ্রত্যাশীদের দ্বন্দ্বই দায়ী। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুর এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের সৃষ্টি হয়েছে।