দেশের ছয় জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর :
নীলফামারী : মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে একজন যাত্রী নিহত হয়েছেন। গতকাল বিকেল সাড়ে ৩টায় নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের শেখ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এতে আহত হন তিনজন। তাদের উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যা আধুনিক জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। নিহত আইজুল ইসলাম (২৫) সদরের কুন্দপুকুর ইউনিয়নের বারোঘরিয়া এলাকার মৃত সোবহান আলীর ছেলে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ দুটি দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৮ জন। গতকাল আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মগটুলা ও মাইজবাগ ইউনিয়নের মধ্যবর্তী গালাহার নামক এলাকায় পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষ হয়। এ ঘটনায় মো. লিটন মিয়া (৫০) নামে এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। অন্যদিকে ৪ ঘণ্টার ব্যবধানে বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের শিমরাইল ১ নম্বর মোড়ে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুটি দুর্ঘটনায় আহতদের ফায়ার সার্ভিস-পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
গোপালগঞ্জ : দাঁড়িয়ে থাকা ট্রাকে তিনটি বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় নৌবাহিনীর এক কর্মকর্তাসহ আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। শনিবার রাত ২টা ৩০ মিনিটের দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনার সূত্রপাত ঘটে। এ সময় প্রায় ৩ ঘণ্টা মহাসড়কের ওই স্থানে যান চলাচল বন্ধ থাকে। নিহতরা হলেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই ( সহকারি ট্রাফিক সাব ইন্সপেক্টর) রফিকুজ্জামান (৫৮) ও আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী (৪৩)।
নরসিংদী : নরসিংদীতে বাস, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তৃষা (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১০ জন। গতকাল দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের পাঁচদোনার চাকশাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। গতকাল দুপুর ১২টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি ইউনিয়নের শশুই ডাক্তারবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর : শেরপুর সদরে যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। গতকাল দুপুরে শেরপুর-ঢাকা মহাসড়কের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম মজনু মিয়া (৫০)। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য।