সচিবালয়মুখী নিবন্ধিত শিক্ষকদের পুলিশের বাধা

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি না পাওয়া সনদধারীদের পূর্বঘোষিত ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি পুলিশি বাধায় প- হয়ে গেছে। ‘এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগবঞ্চিত শিক্ষক ফোরাম’- এর ব্যানারে গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবসংলগ্ন ৫ নম্বর ফটকের সামনে দিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করলে প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করে পুলিশ। এ সময় পুলিশি বাধা অতিক্রম করার চেষ্টা করলে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ ঘটনায় বেশ কয়েক নিবন্ধনধারী শিক্ষক আহত হয়েছেন। পুলিশ ছত্রভঙ্গ করার পর আন্দোলনকারীরা প্রেস ক্লাব মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় প্রেস ক্লাব এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে কয়েক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।আন্দোলনকারীরা জানিয়েছেন, তিনটি দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। সেগুলো হলো- ১৭তম ব্যাচের নিবন্ধিত প্রার্থীদের জন্য আপিল বিভাগের রায় অনুসারে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে অন্তত একবার আবেদন করার সুযোগ দিতে হবে। ১৭তম ব্যাচের বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত রাখতে হবে। আইন ও বিচার মন্ত্রণালয় এবং এনটিআরসিএর সুপারিশ অনুযায়ী দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ‘নিবন্ধিত নিয়োগবঞ্চিত শিক্ষক ফোরামের সভানেত্রী নীলিমা চক্রবর্তী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিলাম। সেখানে আমাদের ওপরে এই হামলা হলো। এটা ক্ষোভের, এটা বেদনার। নিন্দা জানানোর ভাষা নেই। কেন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে না? কেন অসহায় কিছু মানুষ দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি? এর অবসান চাই।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকালে প্রেস ক্লাবসংলগ্ন এলাকায় ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালনের উদ্দেশে জমায়েত হন নিবন্ধনধারী শিক্ষকরা। পরে দুপুর দেড়টার দিকে তারা সচিবালয় অভিমুখে রওনা হন। এসময় বেরিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। কিন্তু আন্দোলনকারীরা পুলিশি বাধা অতিক্রম করে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে প্রথমে লাঠিচার্জ এবং পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, প্রেস ক্লাবের ওখানে জড়ো হওয়ার পর আন্দোলনকারীদের ৫ জনকে সচিবালয় পাঠিয়েছিলাম, যেন সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে কথা বলে এ বিষয়ের আপডেট জেনে আসেন। এরইমধ্যে অন্য আন্দোলনকারীরা সচিবালয়ের ৫ নম্বর ফটকের সামনের রাস্তায় প্রবেশের চেষ্টা করেন। শুরুতেই পুলিশের একটা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তাদের বাধা দিয়ে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়। কিন্তু তারপরও তারা মানছিলেন না, একটু বেপরোয়া হয়ে গিয়েছিলেন। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে বাধ্য হয়। কারণ সচিবালয়ে ১৪৪ ধারা জারি করা আছে। কেউ চাইলেই তো এভাবে আমরা যেতে দিতে পারি না। এ ঘটনায় দুজন পুলিশ সদস্য ও ৬ জন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানান ডিসি।

উল্লেখ্য, এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের দাবিতে গত ৫ মে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ আন্দোলনকারীরা ঢাকার ইস্কাটনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে ঢুকে বিক্ষোভ করেন। এরও আগে গত বছরের মার্চে সরাসরি নিয়োগের দাবিতে এনটিআরসিএ কার্যালয়ের সামনে দুদিন মানববন্ধন করেছিলেন শিক্ষক নিবন্ধনধারীরা। প্রসঙ্গত গত ৮ জুন সচিবালয় ও আশপাশের এলাকায় সব ধরনের গণজমায়েত, সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করে ডিএমপি।