সারা দেশে আজ বিক্ষোভ-সমাবেশ করবে এনসিপি

জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে আজ বৃহস্পতিবার সারা  দেশে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত মঙ্গলবার রাতে সংগঠনের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে জেলা ও উপজেলা কমিটিগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়।

এনসিপি সূত্রে জানা গেছে, সংগঠনটির নবগঠিত ৩৩টি জেলা ও ১২৬টি উপজেলা সমন্বয় কমিটিকে সক্রিয় করতে এই কর্মসূচির আহ্বান জানানো হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে জেলা ও উপজেলাগুলোয় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হবে।

বিবৃতিতে বলা হয়, ‘আজ বৃহস্পতিবার এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলো নিজ নিজ কার্যালয়ে প্রথম কার্যনির্বাহী সভা আয়োজন করবে। সভা শেষে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে কর্মসূচি পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

এই নির্দেশনা দিয়েছেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। জানা গেছে, এনসিপি জুলাইয়ে সংঘটিত ঘটনার বিচার এবং দায়ীদের শাস্তি দাবিতে এই কর্মসূচি গ্রহণ করেছে। সংগঠনটি এই দাবিগুলো জনগণের মাঝে তুলে ধরতে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সারা দেশে সমন্বিতভাবে কাজ করছে।