সম্প্রতি একটি অডিওকল ফাঁসের ঘটনায় কিছু অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক ডা. তাজনূভা জাবীনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চরম কুরুচিপূর্ণ, যৌন হয়রানিমূলক ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনলাইন-অফলাইনে নারী নির্যাতক ও সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সর্বশক্তি দিয়ে তা মোকাবিলা করার কথা জানিয়েছে এনসিপি। গতকাল বৃহস্পতিবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিওকল ফাঁসের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক ডা. তাজনূভা জাবীনকে জড়িয়ে কিছু অনলাইন প্ল্যাটফর্ম এবং পতিত ফ্যাসিবাদী দলের নেতাকর্মীরা চরম কুরুচিপূর্ণ, যৌন হয়রানিমূলক ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; ইতিপূর্বে নানা সময় এনসিপির নারী নেত্রীদের লক্ষ্য করে একই ধরনের অবমাননাকর প্রচার চালানো হয়েছে। এই ধরনের কুরুচিপূর্ণ প্রচার ও প্রোপাগান্ডা কেবল নারীর প্রতি অবমাননা ও নিপীড়নের বহিঃপ্রকাশ নয়; বরং এটি তাদের রাজনৈতিক কর্তাসত্তা ও সক্ষমতাকে অস্বীকার করা এবং রাজনৈতিক পরিসরকে সংকুচিত করার পরিকল্পিত প্রচেষ্টা।
আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি এমনকি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক পক্ষগুলোর কিছু নেতাকর্মীও এই যৌন হয়রানিমূলক প্রচারে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন। অনেক অনলাইন মিডিয়া এবং মিডিয়া ব্যক্তিত্বও এক্ষেত্রে দায়িত্বহীনতা ও অপেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। একটি মূলধারার দৈনিক পত্রিকাও তাজনূভা জাবীনকে জড়িয়ে ইঙ্গিতপূর্ণ ফটোকার্ড প্রকাশ করেছে। যা জনপরিসরে ওনাকে আরও বেশি অরক্ষিত করেছে এবং তার বিরুদ্ধে যৌন নিপীড়নমূলক মন্তব্যকে উস্কানি দিয়েছে।
এতে বলা হয়, গণঅভ্যুত্থানের পর জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক পরিসরে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ফলে এনসিপির নেতৃত্বস্থানীয় পর্যায়ে অধিক হারে নারীদের অংশগ্রহণকে বাধাগ্রস্ত করার জন্য পুরনো রাজনৈতিক বন্দোবস্তের সমর্থকগণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এনসিপি নারীদের প্রতি এই ধরনের নিপীড়ন ও যৌন হয়রানিমূলক ক্যাম্পেইনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এই ধরনের ক্যাম্পেইন অব্যাহত থাকলে আগামীতে এনসিপি সব অনলাইন-অফলাইন নারী নির্যাতক ও সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং সর্বশক্তি দিয়ে তা মোকাবিলা করবে।