অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতকে অবিলম্বে রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এই মানবাধিকার সংস্থা ভারতকে রোহিঙ্গা শরণার্থীদের সীমান্তে ঠেলে না দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী তাদের সুরক্ষা প্রদানের আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক শরণার্থী দিবসের এক দিন আগে গতকাল বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, রোহিঙ্গা শরণার্থীদের স্বীকৃতি দিতে হবে এবং তাদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করতে হবে।
সংস্থাটি জানিয়েছে, গত মাসে ভারতীয় কর্র্তৃপক্ষ অন্তত ৪০ রোহিঙ্গা শরণার্থীকে নৌবাহিনীর জাহাজ থেকে লাইফ জ্যাকেট পরিয়ে জোরপূর্বক মিয়ানমারের কাছে আন্তর্জাতিক জলসীমায় পরিত্যক্ত অবস্থায় ফেলে এসেছে। এ ছাড়া, পৃথক আরেকটি ঘটনায় কমপক্ষে একশ রোহিঙ্গা শরণার্থীকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে বাধ্য করা হয়েছে বলে অ্যামনেস্টি জানায়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার বোর্ড চেয়ারম্যান আকার প্যাটেল বলেন, দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা ব্যক্তিদের জন্য ভারত একটি আশ্রয়স্থল। কিন্তু রোহিঙ্গা শরণার্থীদের সমুদ্রে ফেলে দেওয়া এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে জোরপূর্বক তাদের বহিষ্কারের মতো সাম্প্রতিক পদক্ষেপগুলো ইতিহাস মনে রাখবে।
সংস্থাটি আরও বলেছে, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানের পর থেকে রোহিঙ্গারা তাদের সম্প্রদায়ের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ সহিংসতা ও নিপীড়ন সহ্য করছে।
এ ছাড়া, বাংলাদেশে আশ্রয় নেওয়া হাজার হাজার রোহিঙ্গা খাদ্য, পর্যাপ্ত আশ্রয় এবং চিকিৎসার মতো প্রয়োজনীয় সহায়তা পেতে তীব্র সমস্যার সম্মুখীন হচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় এই সমস্যা আরও তীব্র হয়েছে।