রোহিঙ্গাদের ফেরাতে চাপ বাড়ানোর আহ্বান তারেক রহমানের

নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা জোরদার ও মিয়ানমারের ওপর চাপ বৃদ্ধি করার জন্য অন্তর্র্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শুক্রবার বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

বিষয়টিকে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট হিসেবে উল্লেখ করে এর দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। ফেসবুক পোস্টে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছাপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার ও মিয়ানমারের ওপর স্থায়ী চাপ সৃষ্টি করার জন্য আমরা অন্তর্র্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি।’

আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট-সংশ্লিষ্ট সব পক্ষকে জবাবদিহির আওতায় আনতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই সংকট সমাধান থেকে এখনো অনেক দূরে।’ বিশ্ব জুড়ে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের প্রতি সংহতি জানিয়ে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের জন্য এই শরণার্থী সংকট শুধু একটি বৈশ্বিক উদ্বেগ নয়, বরং এটি বাস্তব জীবনের প্রতিদিনের অভিজ্ঞতা।’

বর্তমানে কক্সবাজারে ১৪ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ, যা  দেশের মানবিক প্রতিশ্রুতির এক উজ্জ্বল দৃৃষ্টান্ত বলে ফেসবুক পোস্টে মন্তব্য করেন তারেক রহমান।

তবে এটি বিশ্বের অন্যতম ভয়াবহ একটি সংকট হিসেবে রয়ে গেছে এবং এর বোঝা ক্রমশই এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছে যা বিপজ্জনকভাবে অস্থিতিশীল বলেও সতর্ক করেন। এ সময় শরণার্থীদের ঘরে ফেরানোর জন্য সবাইকে শান্তিপূর্ণ ও ন্যায়সংগত ব্যবস্থা বাস্তবায়ন ও অনুসরণের প্রতিশ্রুতি নিয়ে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান।

উল্লেখ্য, প্রতি বছর ২০ জুন বিশ্বব্যাপী বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয়। শরণার্থীদের সাহস, সহনশীলতা ও অধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের দুর্দশা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়।

ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত : ফখরুল

খেলাধুলা, ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমি স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ক্রীড়াঙ্গনে যেন দলমত ভাগাভাগি না করা হয়। ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত।

মহাসচিব আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছে। আমি বিশ্বাস করি এখন সময় এসেছে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার। এ দেশকে নতুন করে গড়ে তোলার।

এ সময় তিনি নিজ জেলার অনেক ক্রীড়ানুরাগী মানুষকে স্মরণ করেন এবং স্মৃতিচারণ করেন এবং ছাত্র-জনতার অভ্যুত্থাসে শহীদদের প্রতি সম্মান জানান তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর তিনি পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভার প্রশাসক সরদার মোস্তফা শাহিন, ঠাকুরগাঁও বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, টুর্নামেন্টের আহ্বায়ক নুরে শাহাদাত স্বজন প্রমুখ।

পরে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পাবনা ক্রিকেটার্স এবং রানারআপ দিনাজপুর ডোমিনেটরস দলের হাতে ট্রফি তুলে দেন।

এই টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আচরণবিধির বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি : আমীর খসরু

নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধির বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) যে খসড়া চূড়ান্ত করেছে সে সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘পোস্টার বাতিল এবং নির্বাচনসংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ইসি সিদ্ধান্ত নেবে।’ গতকাল শুক্রবার বাদ আসর রাজধানীর কাটাবন ঢালের একটি মসজিদে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মোহসীন মন্টুর কুলখানিতে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। গত ১৫ জুন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোস্তফা মোহসীন মন্টু।

খসরু বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ফেরার প্রস্তুতি নিচ্ছেন। বিএনপিসহ দেশের সব মানুষ তার জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। শিগগির তিনি দেশে ফিরবেন।’

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আগামীকাল বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল দেশটি সফরে যাচ্ছে। সফরে দুই দেশের বহু পুরনো সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

কুলখানিতে আরও অংশ নেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ জাসদের শরীফ নূরুল আম্বিয়া, আমার বাংলাদেশ পার্টির (এবি) মজিবুর রহমান মঞ্জু, ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ মুসলিম লীগের মহসিন রশিদ, গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, মো. মিজানুর রহমান প্রমুখ।