দীর্ঘদিন পরীক্ষা না হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব বিকল হয়ে পড়েছে। এতে সেখানে পরীক্ষা করা যাচ্ছে না। অন্যদিকে র্যাপিড অ্যান্টিজেন কিটও শেষ। এ অবস্থায় দক্ষিণাঞ্চলের বৃহৎ এ হাসপাতালে অপাতত করোনা পরীক্ষা বন্ধ হয়ে গেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, গত বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মো. হারুন নামের এক রোগীর শরীরে করোনা শনাক্ত হয়। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। তবে এ নিয়ে খুলনায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ জনে। এরমধ্যে করুণা বেগম নামের একজন ভর্তি রয়েছেন।
ডা. খান আহমেদ ইশতিয়াক আরও জানান, দীর্ঘদিন পরীক্ষা না হওয়ায় খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব বিকল হয়ে পড়েছে। এখন মেইনটেন্যান্সের জন্য বিদেশ থেকে কিছু যন্ত্রপাতি আনা প্রয়োজন। অন্যদিকে, গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কিট শেষ হয়ে গেলে পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। জরুরিভাবে কিট চেয়ে কয়েক দফা স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। কিট পাওয়া মাত্র আবার পরীক্ষা শুরু হবে। আপাতত উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।