গত শুক্রবার সকালে এক ইন্দোনেশিয়ান নারী হাজি মক্কার মসজিদে হারামের বাইরের চত্বরে সন্তান জন্ম দিয়েছেন। সৌদি আরবের জরুরি চিকিৎসা দলের সুন্দর ব্যবস্থাপনা ও পেশাদারত্বের কারণে সৌভাগ্যশালী এ নবজাতক ও মায়ের কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি।
মক্কায় সৌদি রেড ক্রিসেন্ট অথরিটি নিশ্চিত করেছে যে, তাদের একটি অ্যাম্বুলেন্স দল সকাল ৯টা ২১ মিনিটে মসজিদের দক্ষিণ চত্বর থেকে একটি জরুরি কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং সেখানেই সফলভাবে সন্তান প্রসব করায়।
কলটিতে জানানো হয়েছিল, একজন নারী তীব্র পেট ব্যথায় ভুগছেন, যেটিকে চিকিৎসকরা প্রসব ব্যথা হিসেবে চিহ্নিত করেন। স্থাপিত চিকিৎসা প্রোটোকল অনুসরণ করে দলটি ঘটনাস্থলেই সন্তান প্রসব করান। এরপর মা ও নবজাতক উভয়কেই পরবর্তী পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য নিকটস্থ একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। মেডিকেল কর্র্তৃপক্ষ জানিয়েছে, মা ও শিশু দুজনেই ভালো অবস্থায় রয়েছেন।
রেড ক্রিসেন্ট কর্র্তৃপক্ষ জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরে জনগণকে ৯৯৭ নম্বরে কল করার পাশাপাশি ‘আসিফনি’ মোবাইল অ্যাপ অথবা ‘তাওয়াক্কালনা’ অ্যাপে থাকা জরুরি কল ফাংশন ব্যবহার করার আহ্বান জানিয়েছে, যাতে দ্রুত এবং সঠিক অবস্থান চিহ্নিত করা যায়।
এক বিবৃতিতে রেড ক্রিসেন্ট বিশ্ব জুড়ে হাজিদের জন্য জরুরি চিকিৎসা সেবা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং পবিত্র স্থানে তাদের আধ্যাত্মিক যাত্রাকে নিরাপদ রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।
সূত্র : গালফ নিউজ