সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্তে মিয়ানমারের ভেতরে স্থলমাইন বিস্ফোরণে আরাফাতুল ইসলাম (১৭) নামে এক বাংলাদেশি কিশোরের বাম পা বিচ্ছিন্ন হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীন জামছড়ি বিওপি এলাকার দায়িত্বপূর্ণ সীমান্ত চৌকি বিপি-৪৪-এর ৩ এস পয়েন্টসংলগ্ন জিরো লাইনের প্রায় ২৫০ মিটার ভেতরে মিয়ানমার ভূখ-ে মাইন বিস্ফোরণ ঘটে।

আহত আরাফাত জামছড়ি এলাকার খুইল্যা মিয়ার ছেলে। তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের ভেতরে সবজি (তারা) সংগ্রহ করতে গিয়েছিলেন। এ সময় তিনি পা দিয়ে মাইনে চাপ দিলে তীব্র বিস্ফোরণে তার একটি বাম পা বিচ্ছিন্ন হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্তে অবৈধ যাতায়াত রোধে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।