নির্বাচন কমিশনের (ইসি) ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, পরিচালক ও উপসচিব পদের কর্মকর্তা রয়েছেন। গতকাল রবিবার ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ কর্মকর্তাদের বদলির আদেশ হয়। এসব কর্মকর্তাকে আগামী ৭ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দিয়েছে ইসি। প্রজ্ঞাপন অনুযায়ী, ইসির উপসচিব মো. ফরিদুল ইসলামকে বদলি করে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে এবং রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলামকে বদলি করে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনকে বদলি করে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব করা হয়েছে। এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রশাসন ও অর্থ শাখার পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে বদলি করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক করা হয়েছে। নির্বাচন কমিশনের উপসচিব মো. হুমায়ুন কবিরকে ইসির বাজেট শাখায় এবং বাজেট শাখার উপসচিব মোহাম্মদ হাবিবুর রহমানকে বদলি করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রশাসন ও অর্থ শাখার পরিচালক করা হয়েছে।