আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে চলমান মামলায় আর্থিক সহায়তা এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক তহবিল বৃদ্ধির আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তুরস্কে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক সেশনে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
তৌহিদ হোসেন বলেন, ‘অপর্যাপ্ত তহবিলের কারণে কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের মানবিক সহায়তা ব্যাহত হচ্ছে। জাতিসংঘ ২০২৪ সালের জন্য যে তহবিল চেয়েছিল, তার মাত্র ৬৮ শতাংশ গত বছর পাওয়া গেছে।’ তিনি জানান, চলতি বছরের ৩ জুন থেকে তহবিল সংকটের কারণে ইউনিসেফ তার শিক্ষাকার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। একই সঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) খাদ্য রেশন কমিয়ে দিয়েছে এবং সেপ্টেম্বরের মধ্যে আরও সংকোচন ঘটতে পারে।
বাংলাদেশ এই পরিস্থিতিতে ওআইসিভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা মানবিক সহায়তা ও আইসিজের আইনি লড়াইয়ে আর্থিক অবদান বাড়ায়।