চীন সফরে বিএনপির  প্রতিনিধিদল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গতকাল রবিবার রাতে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছে। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তারা এ সফরে গেলেন। গতকাল রাত ১০টা ১০ মিনিটে চায়না এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।

প্রতিনিধিদলে আরও রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল দেশ রূপান্তরকে বলেন, তারা পাঁচ দিনের সফরে চীন যাচ্ছেন। দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করতেই তাদের এই সফর।

জানা গেছে, চীনা সরকারসহ কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক উন্নয়নে জোর দিতে বিএনপির এই সফর। এর আগে গত মাসের শেষ দিকে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিংয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয় বিএনপির একটি প্রতিনিধিদল। ওই সময় প্রতিনিধিদলটি চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তর-পূর্ব এশিয়া এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নেয়। তারও আগে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপিসহ সাতটি রাজনৈতিক দল মিলিয়ে একটি প্রতিনিধিদল দেশটি সফর করে। তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন।