৩০ নাগরিকের বিবৃতি

সরকারের নিষ্ক্রিয় ভূমিকায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে

অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয় ভূমিকায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সব মানুষের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষিত রাখার অঙ্গীকার প্রতিনিয়ত উদ্বেগজনকভাবে লঙ্ঘিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ৩০ নাগরিক। তাদের মতে, ৮ থেকে ১০ মাস ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মব ভায়োলেন্স বা উচ্ছৃঙ্খল জনতার সহিংসতার ঘটনা ঘটে চলেছে। কিন্তু এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর কোনো আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে, এমন দৃষ্টান্ত প্রায় অনুপস্থিত। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে এসব মন্তব্য করেন তারা।

বিবৃতিতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুুরুল হুদাকে মব ভায়োলেন্সের (উচ্ছৃঙ্খল জনতার সহিংসতা) দ্বারা শারীরিকভাবে লাঞ্ছিত করার নিন্দা জানানো হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইন অনুযায়ী কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।

এতে বলা হয়, একজন গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিরও আইনি প্রক্রিয়ায় বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত মৌলিক মানবাধিকার এবং মানবিক মর্যাদার সুরক্ষা পাওয়ার পূর্ণ অধিকার বাংলাদেশের সংবিধান, জাতিসংঘের মানবাধিকারের ঘোষণাসহ সব আন্তর্জাতিক আইনে স্বীকৃত। কারও বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ থাকলে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই তার বিচার করতে হবে। মব জাস্টিসের নামে মব সহিংসতা চালিয়ে কাউকে অসম্মানিত, ব্যক্তিগতভাবে অপমান করা জননিরাপত্তার জন্য হুমকিই শুধু নয়, তা একই সঙ্গে বিশ্বজনীনভাবে নাগরিক অধিকারের চরম লঙ্ঘন।

বিবৃতিতে স্বাক্ষরদাতার হলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন সুলতানা কামাল, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, নারীপক্ষের সদস্য শিরীন পারভীন হক, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, আলোকচিত্রী শহিদুল আলম প্রমুখ।

মব ঠেকাতে ব্যর্থ হলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসামি ধরতে বাড়িতে হানা দেওয়া, দরজা ভাঙা বা কিছু করা এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়। অপরাধীদের তথ্য থাকলে আপনারা পুলিশকে খবর দেবেন, আমরা সেখানে যাব এবং আমরা তাদের ধরব। কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা রাখে না। এরপরও কেউ এ ধরনের চেষ্টা করলে যেসব অফিসার ব্যবস্থা নেবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল দুপুরে ডিএমপি সদর দপ্তরে জাপান জাইকা আয়োজিত ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) ‘রোড সেফটি পোস্টার ও সেøাগান কনটেস্ট-২০২৫’এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার সবাইকে সড়কে শৃঙ্খলা ফেরাতে সহযোগিতা কামনা করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকা-বাংলাদেশের মুখ্য প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার। রাজধানীর ১৬টি স্কুল ও পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী সড়কের নিরাপত্তা নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ১০টি পোস্টার এবং ১০টি সেøাগানের জন্য পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। অন্যদেরও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, উত্তরায় সাবেক সিইসি নূরুল হুদাকে মব সৃষ্টির ঘটনায় একজন গ্রেপ্তার আছে। আমরা একটা মামলাও নিচ্ছি। আমরা মব জাস্টিস অ্যালাউ করছি না। অনেক মামলাও নিয়েছি। মব জাস্টিসের ঘটনায় আমরা ছিনতাই ও ডাকাতির মামলা নিয়েছি। মব জাস্টিসের এক-দুটি ঘটনায় পুলিশ অফিসাররা তাদের কর্তব্যে অবহেলার কারণে তাদের বিরুদ্ধেও সাসপেন্ড ও শাস্তি দিয়েছি। ৩-৪ মাস আগে যে পরিমাণ মব জাস্টিস ছিল, এখন সে পরিমাণ নেই।

কারাগারে স্বেচ্ছাসেবক দলের হানিফ : ‘মব’ সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুুরুল হুদাকে হেনস্তা ও মারধরের মামলায় ঢাকার উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হানিফকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আসামির জামিন প্রশ্নে শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য করেন। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার  পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম এদিন আসামি হানিফকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। নুরুল হুদাকে জুতার মালা পরানো ও হেনস্তার ঘটনায় উত্তরা পশ্চিম থানার এসআই সজীব হাসান মঙ্গলবার  একটি মামলা করেন। এর আগে সোমবার রাতে উত্তরা এলাকা থেকে হানিফকে  আটক করে সেনাবাহিনী।