বছরে ৪৯ কোটি টাকা বেতনে মিলানে যাচ্ছেন মদ্রিচ

চলতি ক্লাব বিশ্বকাপ শেষে রিয়াল মাদ্রিদ ছাড়বেন লুকা মদ্রিচ সে খবর পুরনো। ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডারের পরবর্তী গন্তব্য কোথায়, সেটি নিয়েই ছিল আলোচনা। এবার জানা গেল মদ্রিচ যাচ্ছেন ইতালির ক্লাব এসি মিলানে।

ক্লাব বিশ্বকাপ শেষে ফ্রি ট্রান্সফারে এক বছরের জন্য এসি মিলানে যাচ্ছেন ৩৯ বছরের মদ্রিচ। চুক্তির মেয়াদ পরবর্তী সময়ে আরও এক বছরের জন্য বাড়ানোর সুযোগ আছে। ইএসপিএন সূত্রের বরাত দিয়ে জানায়, মদ্রিচকে বছরে বেতন দেওয়া হবে ৪০ লাখ ডলার বা ৪৯ কোটি টাকা, সঙ্গে থাকবে বোনাসও।

রিয়ালে ১৩ বছর খেলে ২৮টি শিরোপা জিতেছেন মদ্রিচ। স্প্যানিশ এই ক্লাবটিতে থাকতেই জিতেছেন ব্যালন ডি'অর পুরস্কারও।

মিলানের স্পোর্টিং ডিরেক্টর ইগলি টারে নিশ্চিত করেছেন ক্লাব বিশ্বকাপ শেষে মদ্রিচের মিলানে যোগ দেওয়ার বিষয়টি। তিনি জানান, মদ্রিচ ছোট বেলায় মিলানকে সমর্থন করতেন। সেটি তার ক্লাবটিতে যোগ দেয়ার পেছনে ভূমিকা রেখেছে।

টারে বলেন, 'প্রথম যে প্রশ্নটি লুকা করেছিল সেটি হলো, আমরা কি এমন দল গড়তে পারব যারা লিগ জিততে পারবে। সে (মদ্রিচ) ছয়টি চ্যাম্পিয়নস লিগ জিতেছে এবং এখানেও জিততে চান। তার আগমন গুরুত্বপূর্ণ।'