শফিকুল আলম বললেন

অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত ভুল ছিল

গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সচিবালয়ে প্রবেশে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত ‘গণমাধ্যমের স্বাধীনতা : সাংবাদিকদের সুরক্ষা ও আইনি কাঠামো বিশ্লেষণ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, ‘অ্যাক্রিডিটেশন কার্ডের যেটা আসছে, আমরা বলছি, হ্যাঁ এটা একটা আমাদের পদক্ষেপ ভুল ছিল। তারপরও কোনো সাংবাদিক, কোনো প্রতিষ্ঠান কি বলতে পারবে, সচিবালয়ে সাংবাদিকের প্রবেশ আমরা বন্ধ রেখেছি?’

শফিকুল আলম বলেন, ‘আমার জানামতে প্রায় ৬০০ সাংবাদিক সচিবালয়ে প্রবেশের অ্যাকসেস পেয়েছেন। তারা যাচ্ছেন, রিপোর্ট করছেন, আমরা তেমন কোনো কমপ্লেইন পাচ্ছি না। তবে এই কাজটা সেøা হয়ে গেছে। সবাইকে খুব দ্রুত অ্যাক্রিডিটেশন দেওয়া উচিত।’

সংশ্লিষ্ট কমিটির পরামর্শ অনুযায়ী শিগগিরই সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘কমিটির কিছু পরামর্শ ছিল। সেগুলো বাস্তবায়ন করলে আমার মনে হয়, এ অবস্থা আরও ভালো জায়গায় যাবে। আমরা চাচ্ছি যে সাংবাদিক যেন তিন বছরের অ্যাক্রিডিটেশন পান এবং তার ফ্রি অ্যাকসেস থাকে।’