তাইজুলের পাঁচ উইকেটেও বড় লিড শ্রীলঙ্কার

যে উইকেটে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসে পড়েছিল, সেই উইকেটেই সাড়ে চারশর বেশি রান করে ফেলল শ্রীলঙ্কা। কলম্বো টেস্টের তৃতীয় দিনে আজ স্বাগতিকরা অল-আউট হয়েছে ৪৫৮ রানে। তারা ব্যাটিং করেছে ১১৬.৫ ওভার। বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম নিয়েছেন ৫ উইকেট। তারপরও লঙ্কানদের লিড হয়েছে ২১১ রানের। প্রথম ইনিংসে ২৪৭ রানে অল-আউট হওয়া টাইগারদের জন্য এটা বড় চ্যালেঞ্জই বটে।

২ উইকেটে ২৯০ রান নিয়ে আজ শুক্রবার ম্যাচের তৃতীয় দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। সকালে নিজের প্রথম ওভারেই প্রবাত জয়াসুরিয়াকে (১০) ফিরিয়ে দলকে সাফল্য এনে দেন নাহিদ রানা। স্পিনার নাঈম হাসান ফেরান বেশ কয়েকটি জীবন পাওয়া কামিন্দু মেন্ডিস (৩৩) আর সোনাল দিনুশাকে (১১)। আগের দিন তিনি দিনেশ চান্ডিমালকে সেঞ্চুরি বঞ্চিত করেছিলেন। ইনিংসের বাকি সময়টা কেবলই তাইজুলের।

১৩১ রানে ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। টেস্টে এটা তার ১৭ তম পাঁচ উইকেট শিকার। আজ দুই সেশন মিলিয়ে ৩৮.৫ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলেছে শ্রীলঙ্কা। তাদের প্রথম ইনিংসে সর্বোচ্চ ১৫৮ রান করেছেন ওপেনার পাথুম নিশাঙ্কা। এছাড়া দিনেশ চান্ডিমাল ৯৩ এবং কুসল মেন্ডিস ৮৪ রান করেছেন। তাইজুল ছাড়াও নাঈম হাসান ১৮ ওভারে ৪ মেডেনসহ ৮৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।