চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামে দুটি শিয়ালের হঠাৎ আক্রমণে অন্তত ১০ জন গ্রামবাসী আহত হয়েছেন। শনিবার (২৮ জুন) ভোরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ভোরে ঘুম থেকে উঠে রাস্তায় বের হওয়ার সময় গ্রামবাসীরা শিয়াল দুটির মুখোমুখি হন। আচমকা আক্রমণ চালিয়ে শিয়াল দুটি একে একে মানুষদের কামড়ে দেয়। আতঙ্কে চারদিকে ছুটোছুটি শুরু হয়। স্থানীয়রা লাঠিসোঁটা ও হাতের কাছে যা পেয়েছে তা দিয়েই প্রতিরোধের চেষ্টা চালান। এ সময় অনেকে রক্ষা পেলেও বেশ কয়েকজন আহত হন।
আহতদের বেশিরভাগই আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দা। তাদের মধ্যে কিশোর, যুবক ও বৃদ্ধ রয়েছেন। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর গুরুতরদের হাসপাতালে পাঠানো হয়। এখনও কেউ কেউ আতঙ্কে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গ্রামে একটি বড় মাটির ভিটির নিচে বহুদিন ধরে শিয়ালের বাস রয়েছে। সেখান থেকে বের হয়ে দুটি শিয়াল এ হামলা চালায়। ধারণা করা হচ্ছে, খাদ্য সংকট বা অন্য কোনো কারণে শিয়ালগুলো হিংস্র আচরণ করছে।
এ ঘটনার পর পুরো এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিশুদের বাইরে খেলতে দেওয়া হচ্ছে না। মাঠে কাজ করতে যাওয়া কৃষকরাও সতর্ক অবস্থানে রয়েছেন। কেউ কেউ এলাকায় রাতে পাহারা বসানোর কথাও ভাবছেন।
প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জনবল ও পরিবহন সংকট থাকায় নিজেরা গিয়ে শিয়াল ধরতে পারছে না। তবে গ্রামবাসী যদি শিয়াল ধরতে সক্ষম হয়, তাহলে তা বনে অবমুক্ত করার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
বর্তমানে গ্রামবাসীরা শিয়ালের আক্রমণ থেকে রক্ষা পেতে বন্যপ্রাণী আইন মেনে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে চাইছে। সেই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে প্রশাসনিক সহায়তা কামনা করছে এলাকাবাসী