কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘরের দরজা ভেঙে বাবার বাড়িতে বেড়াতে আসা এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার ৫১ সেকেন্ডের একটি ভিডিও শনিবার (২৮ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ১০-১২ জন যুবক ওই নারীকে মারধর করছে। এ সময় ওই নারী চিৎকার করছেন।
পুলিশ জানায়, ভিডিও ভাইরাল হওয়ার আগে ওই নারীকে নির্যাতনের বিষয়টি কেউ জানায়নি।
বৃহস্পতিবার (২৭ জুন) রাতে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ধর্ষণ মামলা করেছেন।
ভুক্তভোগী নারীর অভিযোগ, কিছু দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন তিনি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফজর আলী (৩৮) নামে এক ব্যক্তি ঘরের দরজা খুলতে বলেন। রাজী না হলে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে কয়েকজন মিলে তাকে গণধর্ষণ করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। ওই নারীকে নির্যাতনের ঘটনায় যারা জড়িত সকলকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’