এ মাসে ডেঙ্গু রোগী ৫ হাজার ছাড়াল

দেশে এ মাসের ডেঙ্গু রোগী পাঁচ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে বিভিন্ন হাসপাতালে ২৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে এ মাসে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৩৯ জনে। অর্থাৎ গত ২৮ দিনে গড়ে দৈনিক ১৮৪ জন করে রোগী ভর্তি হয়েছে।

এ মাসের ডেঙ্গু রোগীর এ সংখ্যা এ বছরের সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ রোগী ছিল গত মে মাসে ১ হাজার ৭৭৩ জন। বছরের শুরুতে জানুয়ারিতে রোগী ছিল ১ হাজার ১৬১ জন। এরপরের মাসে ফেব্রুয়ারিতে রোগী কমে নেমে আসে ৩৭৪ জনে। পরে আস্তে আস্তে রোগী বাড়তে থাকে। মার্চে ৩৩৬ জন ও এপ্রিলে ৭০১ জন রোগী ভর্তি হয়। কিন্তু পরের মাসে, অর্থাৎ মে মাসে রোগী আড়াই গুণ বেড়ে যায়। গতকাল পর্যন্ত এ মাসের গত ২৮ দিনে রোগী গত মে মাসের চেয়ে পাঁচ গুণের বেশি দাঁড়িয়েছে।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য থেকে এই চিত্র পাওয়া গেছে।

অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজন মারা গেছে। মারা যাওয়া দুই বছর বয়সী এই ছেলে শিশুটি বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। এ নিয়ে এ মাসে ডেঙ্গুতে ১৮ জন মারা গেল। বছরের মৃত্যু দাঁড়াল ৪১ জন। তাদের মধ্যে ২৩ জন বা ৫৬ শতাংশ পুরুষ ও ১৮ জন বা ৪৪ শতাংশ নারী। এ বছর বেশি মারা গেছে ঢাকা দক্ষিণ সিটি হাসপাতালে ১৯ জন ও বরিশাল বিভাগে ১১ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে চারজন, ঢাকা উত্তর সিটি ও খুলনা বিভাগে দুজন করে এবং ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫৪ শতাংশই বরিশাল বিভাগে। বাকি ৪৬ শতাংশ ডেঙ্গু রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটিতে ৪০ জন করে, ঢাকা বিভাগে ১৮, ঢাকা উত্তর সিটিতে ৮, খুলনা ও ময়মনসিংহ বিভাগে ৬ জন করে এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছে।

দিনের মোট রোগীর ৫৮ শতাংশই ছিল তিন জেলার। এর মধ্যে বরগুনায় ভর্তি হয়েছে ৬৮ জন বা ২৬ শতাংশ, রাজধানীসহ ঢাকা জেলায় ৪৮ জন বা ১৮ শতাংশ ও বরিশাল জেলায় ৩৭ জন বা ১৪ শতাংশ রোগী।

দিনের বাকি ৪২ শতাংশ রোগী ভর্তি হয়েছে ১৭ জেলায়। এর মধ্যে পটুয়াখালীতে ২৪ জন, কুমিল্লায় ১৭, চাঁদপুরে ১২, পিরোজপুরে ৯, নারায়ণগঞ্জে ৭, গাজীপুরে ৬, নোয়াখালীতে ৫, খুলনা, মানিকগঞ্জ ও কক্সবাজারে ৪ জন করে, ভোলায় ৩, ফেনী ও নড়াইলে ২ জন করে এবং নেত্রকোনা, সিলেট ও কিশোরগঞ্জে ১ জন করে ভর্তি হয়েছে।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ১০৬৩ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩১২ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭৫১ জন।

এ পর্যন্ত এ বছর রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৪৮৪। এসব রোগীর ৫৯ শতাংশ পুরুষ ও ৪১ শতাংশ নারী। সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে বরিশাল বিভাগে ৪ হাজার ৩০৬ জন ও সর্বনিম্ন ৩০ জন সিলেট বিভাগে।

গত ২০০০ সাল থেকে ডেঙ্গুর তথ্য সংরক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। গত বছর ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।

এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। ২০২২ সালে সারা দেশে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ।