রাজধানীর উত্তরার একটি হাসপাতালে মারা যাওয়া বড় ভাই খোরশেদ আলমের লাশ দেখে দুই ভাগ্নেসহ বাসার দিকে ফিরছিলেন মোহাম্মদ জাভেদ আলম। যানবাহনের অপেক্ষায় তারা যখন আজমপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন, পাথরবোঝাই একটি ট্রাক ইউ টার্ন নেওয়ার সময় তাদের ওপর উঠে যায়। তাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গত শনিবার রাত ৩টায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে জাভেদ আলম (৫৫) ব্যবসা করতেন। তার এক ভাগ্নে খাজা নাঈম (৩২) একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন। আরেক ভাগ্নে ফাহিম উদ্দিন বিন আহমেদ (২৩) রাজধানীর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পড়ছিলেন। নাঈম ও ফাহিম খালাতো ভাই, তারা জাভেদের দুই বোনের ছেলে। গতকাল রবিবার ভোরে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। নিহতদের স্বজন ও বন্ধুরাও সেখানে জড়ো হন। তাদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
থানা সূত্রে জানা যায়, দুজনের মরদেহ রাস্তায় পড়েছিল। তাদের দুজনের পেটের ওপর দিয়ে ট্রাকের চাকা গেছে। আরেকজনকে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ওই তিনজন যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে গেলে তিনজনই মারা যান। এ ঘটনায় মামলা হয়েছে। চালক, হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।
এদিকে রাজধানীর বিজয় সরণি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন সাজ্জাদ হোসেন ও তার বন্ধু ফাহিম। গত শনিবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায় আর ফাহিমের বাড়ি ফেনীতে।
গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাজ্জাদের মরদেহ শনাক্ত করেন স্বজনরা। সাজ্জাদের মামা বিল্লাল হোসেন বলেন, শনিবার রাতে সাজ্জাদ তার নিজের মোটরসাইকেলে ফাহিমকে নিয়ে ঘুরতে বের হয়েছিল। আর রবিবার সকালে পুলিশের মাধ্যমে খবর পাই, দুজন বিজয় সরণি এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌস বাদল বলেন, শনিবার রাতে ৯৯৯-এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই। তাদের একজনকে ঢাকা মেডিকেলে এবং অন্যজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বিজয় সরণির লিংক রোডে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।