বুমরাকে ঘিরেই জল্পনা, এজবাস্টনে একাদশ নিয়ে দ্বিধায় ভারত

এজবাস্টনে দ্বিতীয় টেস্টের আগের দিন ভারতের একাদশ নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন—জসপ্রিত বুমরাকে খেলানো হবে কি না। আগুনঝরা স্পেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম এই পেসারকে ঘিরেই এখন নজর ক্রিকেটবিশ্বের। ভারতীয় অধিনায়ক শুবমান গিল জানিয়ে দিয়েছেন, বুমরা সম্পূর্ণ ফিট এবং নির্বাচনের জন্য প্রস্তুত। তবে একাদশে থাকবেন কি না, তা জানাবেন ম্যাচের আগের সন্ধ্যায়।

মঙ্গলবার সাংবাদিকদের গিল বলেন, “জসপ্রিত বুমরা নির্বাচনের জন্য প্রস্তুত। তবে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত আজ সন্ধ্যায় নেব। স্পিনারদের ক্ষেত্রেও সিদ্ধান্ত নেব পিচ দেখে। আমাদের এমন কম্বিনেশন দরকার, যারা ২০ উইকেট নিতে পারবে এবং ব্যাটেও অবদান রাখবে।”

লিডস টেস্টে হতাশাজনক হারের পর ভারত দলে পরিবর্তন আনার কথা ভাবছে। ওই ম্যাচে চতুর্থ ইনিংসে ইংল্যান্ডকে অলআউট করতে না পারায় জয় হাতছাড়া হয়। তার ওপর রয়েছে বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। ফলে বোলিং আক্রমণে বড়সড় পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না গিল।

তিনি বলেন, “চ্যালেঞ্জিং অবশ্যই, তবে অসম্ভব কিছু নয়। আমরা ভারতের সেরা বোলারদের বেছে এনেছি। স্কোয়াডে বিকল্প আছে, শক্ত পুল আছে আমাদের।”

এজবাস্টনের উইকেটও সিদ্ধান্ত নেওয়ায় ভূমিকা রাখছে। উপরিভাগে সবুজ ঘাস থাকলেও ভিতরে শুকনো স্তর থাকায় ম্যাচ যত এগোবে, স্পিনারদের ভূমিকা তত বাড়বে বলে মনে করছেন অনেকে। গিল নিজেও জানিয়েছেন, এবার দুই স্পিনার নিয়ে খেলতে পারে ভারত।

“লিডসে মনে হয়েছিল, বাড়তি একজন স্পিনার থাকলে তৃতীয় বা চতুর্থ ইনিংসে রান আটকে রাখা যেত। এবার সেই সিদ্ধান্তটা আরও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে,” বললেন গিল।

ভারত যখন একাদশ নিয়ে জটিল সমীকরণে, তখন প্রতিপক্ষ ইংল্যান্ড সরল পথে হাঁটছে। লিডসে প্রথম টেস্টে যারা দারুণ পারফর্ম করে জয় এনে দিয়েছিল, সেই অপরিবর্তিত একাদশ নিয়েই দ্বিতীয় টেস্টেও নামছে ইংলিশরা।