টেস্ট সিরিজের হার এখনও মনে কাঁটা হয়ে বিঁধছে বাংলাদেশ দলের মনে। সেই দুঃস্মৃতি নিয়ে মঙ্গলবার কলম্বোয় শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা আগেই জানিয়ে দিয়েছে—বাংলাদেশকে তারা মোটেই হালকাভাবে নিচ্ছে না।
সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা জানিয়েছেন, বাংলাদেশ তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কারণ সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে ভালো খেলছে টাইগাররা। বিশেষ করে দুই দলের সর্বশেষ ওয়ানডে সিরিজে জয় এসেছিল বাংলাদেশের ঘরেই। সেই হার ভুলেননি আসালাঙ্কা।
তিনি বলেন, “প্রতিটি দলই আমাদের জন্য চ্যালেঞ্জ, তবে বাংলাদেশ একটি কঠিন প্রতিপক্ষ। তারা শেষবার আমাদের বিপক্ষে সিরিজ জিতেছে। এবার আমাদের ঘরের মাঠে খেলতে হচ্ছে, তাই এটি আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”
এই সিরিজে বাংলাদেশ পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন তাসকিন আহমেদ, তবে শ্রীলঙ্কার নজর মূলত মুস্তাফিজুর রহমানের দিকেই। বাঁহাতি এই পেসারকে নিয়ে রয়েছে বিশেষ পরিকল্পনা।
আসালাঙ্কা বলেন, “মোস্তাফিজ দুর্দান্ত একজন বোলার। অতীতে সে বাংলাদেশকে অনেক ম্যাচ জেতাতে সাহায্য করেছে। তার বিপক্ষে আমাদের একটা স্পষ্ট পরিকল্পনা আছে, কারণ আমরা জানি, সে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো সামর্থ্য রাখে।”
বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছে গল ও কলম্বোতে। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচও হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। শেষ ম্যাচ পাল্লেকেলেতে। প্রেমাদাসার উইকেট বরাবরই স্পিন সহায়ক হিসেবে পরিচিত হলেও, এবার কন্ডিশন কিছুটা ব্যাটসম্যানদের পক্ষে থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আসালাঙ্কা।
তিনি বলেন, “সাধারণত প্রেমাদাসার উইকেট স্পিন সহায়ক হয়। তবে আমার মনে হয়, এবার উইকেটটা ব্যাটসম্যানদের কিছুটা সুবিধা দেবে। যদিও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, কাল দেখলেই বোঝা যাবে।”
বাংলাদেশ দলের নেতৃত্বে এবার নতুন মুখ। চারটি ওয়ানডেতে অধিনায়কত্ব করলেও এবারই প্রথম পূর্ণ সময়ের ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মেহেদী হাসান মিরাজ। প্রতিপক্ষ অধিনায়ক হিসেবে আসালাঙ্কার কাছেও তিনি অচেনা।
তবে খেলোয়াড় হিসেবে মিরাজকে বেশ মূল্যায়ন করেছেন আসালাঙ্কা। বলেন, “মেহেদী একজন অসাধারণ ক্রিকেটার। ভালো বোলার তো বটেই, পাশাপাশি তার ব্যাটিংও শক্তিশালী। তবে তার অধিনায়কত্ব কেমন, সে সম্পর্কে আমি এখনও কিছু জানি না।”
যদিও মিরাজ যে টুর্নামেন্টে নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশকে, সেই ১৬-এর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক ছিলেন চরিথ আসালংকা।
আলকারাজ বললেন, ‘এমা যা বলবে, আমি তাই করব!’
১৮ বছর পর ‘পঞ্চপাণ্ডব’হীন ওয়ানডেতে বাংলাদেশ