টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে হতাশাজনক পরিণতির পর এবার রঙিন পোশাকে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু বাংলাদেশের। আজ (বুধবার) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
এই ম্যাচ দিয়েই ওয়ানডেতে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বে দল কতটা নতুন ছন্দে ফিরতে পারে, সেটিই দেখার বিষয়।
ওপেনিং জুটি কেমন হবে, তা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা। তানজিদ হাসান তামিমের সঙ্গী হিসেবে কে থাকবেন—নাঈম শেখ না পারভেজ হোসেন ইমন? শেষ পর্যন্ত ইমনই এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। এদিকে লিটন দাসকে দেখা যেতে পারে মিডল অর্ডারে, যেখানে তার সঙ্গে ব্যাটিং অর্ডারে উপরের দিকে আসার ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক মিরাজ নিজেই। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় তরুণদের এই অগ্রসর হওয়া নতুন ভারসাম্য এনে দিতে পারে দলকে।
দলের স্পিন আক্রমণেও আসতে পারে পরিবর্তন। অসুস্থতার কারণে গতকাল অনুশীলনে অংশ নেননি রিশাদ হোসেন, ফলে তার জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।
দীর্ঘ চোট কাটিয়ে আবারও দলে ফিরতে পারেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর আর মাঠে নামা হয়নি তার, তবে এবার ফিট থাকলে একাদশে তার জায়গা প্রায় নিশ্চিত।
এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে ৫৭ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ১২ ম্যাচে, লঙ্কানদের জয় ৪৩টিতে, আর বাকি ২টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। সিরিজ হিসেবে দুই দল খেলেছে ১০টি, যার মধ্যে বাংলাদেশ জিতেছে ২টিতে (২০২১ ও ২০২৪) এবং শ্রীলঙ্কা ৬টি সিরিজে জয়ী। বাকি দুইটি সিরিজ হয়েছে ড্র।
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।